ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশে আটকে পড়া শ্রমিকদের দ্রুত বিদেশে পাঠাতে এক সপ্তাহ আগে সরকারের 'ওপেন স্কাই পলিসি' চালু হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বড় বড় বিমানসংস্থাগুলো এখনো এতে অংশ নেয়নি। উড়োজাহাজ সঙ্কটের কারণে বিমান, এমিরেটস, সাউদিয়া ও কাতার এয়ারওয়েজ শিডিউল ফ্লাইটের বাইরে এখনই বাড়তি ফ্লাইট চালাতে পারছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ অবস্থা কাটিয়ে উঠতে ফুকেট এয়ারলাইন্সের কাছ থেকে একটি বোয়িং- ৭৪৭ উড়োজাহাজ ভাড়া নেওয়ার বিষয়ে বিমানের উদ্যোগে এখনো কোনো সফলতা আসেনি।
এদিকে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর তথ্য অনুযায়ী, ভিসা পাওয়ার পরে বিদেশে যাওয়ার জন্য এখন দেড় লাখ বাংলাদেশী শ্রমিক প্রস্তুত আছেন। এদের সবাইকে বাংলাদেশ সরকার বহির্গমন ছাড়পত্রও (ইমিগ্রেশন) দিয়েছে। আটকে পড়া যাত্রীদের অধিকাংশই কুয়ালালামপুর, দুবাই ও মধ্যপ্রাচ্যের নানা দেশের।
বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যথেষ্ট উড়োজাহাজ নেই বলে গত এক সপ্তাহেও আমরা ওপেন স্কাই পলিসির সুযোগ নিয়ে তেমন কোনো বাড়তি ফ্লাইট চালাতে পারিনি।"
ফুকেট এয়ারের কাছ থেকে একটি বোয়িং- ৭৪৭ ভাড়া নেওয়ার বিষয়ে বিমানের উদ্যোগ অব্যহত আছে জানিয়ে তিনি বলেন, "এই উড়োজাহাজটি পাওয়া গেলে সেটি দিয়ে নিয়মিত ও বাড়তি সব ধরনের ফ্লাইট চালানো সম্ভব হবে। তবে উড়োজাহাজটি ভাড়া বা ইজারা নেওয়ার বিষয়ে এখনো সমঝোতা হয়নি।"
আটাব এর মহাসচিব এইচ এ এম বারি রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এমিরেটস, সাউদিয়া ও কাতার এয়ারওয়েজের ঢাকা অফিসের সঙ্গে কথা বলে জেনেছেন, বাড়তি উড়োজাহাজ না থাকায় এই তিনটি এয়ারলাইন্স গত সাত দিনেও ওপেন স্কাই পলিসিতে অংশ নেয়নি।
তিনি বলেন, "এ কারণে ওই তিনটি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইটের বাইরে এখনো বাড়তি ফ্লাইট চালানোর কোনো ঘোষণা দেয়নি।"
তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, দেশে আটকা পড়া ইমিগ্র্যান্ট শ্রমিকের সংখ্যা এখন দেড় লাখ। অধিকাংশই কুয়ালালামপুর ও দুবাইয়ের যাত্রী। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেতে প্রস্তুত বেশকিছু আটকে পড়া শ্রমিকও আছে।
এভিয়েশন সূত্র জানায়, বিমানের উড়োজাহাজ বহরের ১৩টি ডিসি- ১০, এয়ারবাস ও এফ- ২৮ এর মধ্যে এখন মাত্র পাঁচটি সচল রয়েছে। উড়োজাহাজগুলো অনেক পুরনো বলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনার কারণে তা অচল হয়ে পড়ে।
কুয়ালালামপুর ও দুবাইয়ে বিমানের সপ্তাহে সাতটি করে শিডিউল ফ্লাইট রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমিরেটস, সাউদিয়া ও কাতার এয়ারওয়েজের সপ্তাহে সাতটি করে ফ্লাইট রয়েছে।
ফ্লাইট সঙ্কট কাটিয়ে দ্রুত বিদেশে শ্রমিক পাঠানোর জন্য দেশি -বিদেশি এয়ারলাইন্সগুলোকে গত ১৯ সেপ্টেম্বর সরকার 'ওপেন স্কাই পলিসি' চালু করার অনুমতি দেয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ০১ অক্টোবর থেকে তিন মাসের জন্য এয়ারলাইন্সগুলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে ইচ্ছে মতো আন্তর্জাতিক ফ্লাইট চালাতে পারবে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলো সরকারকে ওপেন স্কাই পলিসি চালু করার প্রস্তাব দেয়।
এয়ারলাইন্সগুলোর প্রস্তাবে বলা হয়, এই পলিসি চালু হলে ফ্লাইট সঙ্কটের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে প্রস্তুত হাজার হাজার শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান সমস্যার অবসান হবে।
সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী অন্য এয়ারলাইন্সের আসন সংখ্যার তুলনায় বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত শ্রমিক সংখ্যা আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়ায় বহুসংখ্যক যাত্রী টিকিট পাচ্ছে না। এছাড়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন চলছে গ্রীষ্মকালীন ছুটি। তাই সে সব দেশের এয়ারলাইন্সগুলোকেও যাত্রীদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএ/১৫৫৭ ঘ.
bdnews24