ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আমদানি কার্যক্রম তদারকি আরও জোরদার করতে বাংলাদেশ ব্যাংক অনলাইনে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ব্যাংকগুলোকে আমদানি সংক্রান্ত তাদের প্রতিদিনের তথ্য পরের দিন কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে।
বাজারে জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে এবং অর্থ পাচার বন্ধে বাংলাদেশ ব্যাংক এ ব্যবস্থা নিয়েছে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের এক আদেশ সবগুলো ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
আদেশে আগামী ৯ অক্টোবর থেকে অন-লাইন ব্যবস্থার মাধ্যমে আমদানি বিষয়ে তথ্য সরবরাহের কাজ শুরু করতে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পণ্যমূল্য স্বাভাবিক রাখতে এবং ভুয়া আমদানির নামে মুদ্রা পাচার বন্ধে কেন্দ্রীয় ব্যাংক পণ্য আমদানির ক্ষেত্রে এ তদারকির ব্যবস্থা নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়, "এতোদিন অনুমোদিত ডিলার ব্যাংকগুলো ঋণপত্রের (এলসি) মাধ্যমে আমদানি সংক্রান্ত বিবরণী মাসভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে দাখিল করে আসছে। আমদানি পর্যবেক্ষণ কার্যক্রম আরো জোরদার করতে ওই বিবরণী দাখিলের পাশাপাশি অন-লাইন ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকসমূহ থেকে নির্ধারিত ৬৫টি পণ্যের আমদানি (ঋণপত্র কিংবা ঋণপত্র ছাড়া অন্য কোনো পন্থায়) সংক্রান্ত তথ্য প্রতিনিয়ত সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
ওই আদেশে জানানো হয়, তথ্য সংগ্রহের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি ওয়েব ভিত্তিক সফটওয়্যার তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইট থেকে এলসি মনিটরিং লিংকের মাধ্যমে এতে প্রবেশ করা যাবে। এর জন্য প্রত্যেক ব্যাংককে তাদের জন্য নির্ধারিত 'ইউজার নেম' ও 'পাসওয়ার্ড' করতে হবে। এ সফটওয়্যারের নির্ধারিত ছকে প্রতিটি ব্যাংকের সব শাখার প্রতিদিনের আমদানির তথ্য-উপাত্ত পরবর্তী কর্মদিবসে সকাল ৮টা থেকে রাত ৪টার মধ্যে পাঠাতে হবে।
সফটওয়্যার ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদিত বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের তথ্য শাখা (ইনফরমেশন সিষ্টেমস ডিপার্টমেন্ট) থেকে 'ইউজার নেম' এবং 'পাসওয়ার্ড' সংগ্রহ করতে বলা হয়েছে।
একইসঙ্গে আমদানি সংক্রান্ত অন্যান্য বিবরণী দাখিল করে যেতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএআর/এমএসবি/এমএইচবি/০১১৬ ঘ.
bdnews24