২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকিং খাতের ওপর ভর করে ডিজিইএন সূচকে আবারও রেকর্ড

আগের দিনের মন্দার পর ব্যাংকিং খাতের শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের অতিরিক্ত আগ্রহের কারণে বৃহস্পতিবার রেকর্ড উচ্চতায় লেনদেন শেষ করেছে পুঁজি বাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মন্দার পর ব্যাংকিং খাতের শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের অতিরিক্ত আগ্রহের কারণে বৃহস্পতিবার রেকর্ড উচ্চতায় লেনদেন শেষ করেছে পুঁজি বাজার। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩০ দশমিক ৪৪ পয়েন্ট বা এক দশমিক ১৫ শতাংশ বেড়ে রেকর্ড ২৬৭২ দশমিক ১৬ পয়েন্ট হয়। এর আগে ২ অক্টোবর ডিজিইএন সূচক রেকর্ড ছিল ২৬৪৭ দশমিক ৫১ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ভাইস প্রেসিডেন্ট আহমাদ রশীদ লালী বলেন, "ব্যাংকগুলোর ভালো মুনাফাপ্রাপ্তি থেকে লাভবান হতে বিনিয়োগকারীরা এ খাতের শেয়ার কেনা বাড়িয়েছে। নতুন আইন অনুসারে ব্যাংকগুলো তহবিল বাড়াবে এমন আশাও বিনিয়োগকারীদের ভেতর কাজ করেছে।" এর আগে ব্যাংকগুলোর মূলধন সীমা ২০০ কোটি টাকা করার নিয়ম সম্বলিত ব্যাংকিং কোম্পানি আইন অনুমোদন করে সরকার। এচাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩১ দশমিক ৩৫ পয়েন্ট বা এক দশমিক ৪৩ শতাংশ বেড়ে হয়েছে ২২১৯ দশমিক ৭৫ পয়েন্ট। এই প্রথমবারের মতো ডিএসআই সূচক ২২০০ পয়েন্ট সীমা অতিক্রম করলো। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৫ দশমিক ৫৪ পয়েন্ট বা এক দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২০৫৬ দশমিক ৭৭ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮৩ কোটি টাকার এক কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ১৮৩টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৪৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম। ব্যাংকিং খাতে ডাচ-বাংলা ব্যাংক ছাড়া বাকি ব্যাংকগুলোর শেয়ারের দাম বেড়েছে। এছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোর শেয়ারের দামও বেড়েছে। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৪৬ শতাংশ বেড়ে হয়েছে ৮৫১ টাকা। এবি ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৫২ শতাংশ বেড়ে ২৯১৬ টাকা হয়। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ১৩৩১ টাকা ৭৫ পয়সা হয়। ইউসিবিএল এর শেয়ারের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৪৭২৫ টাকা ৭৫ পয়সায় পৌঁছায়। লভ্যাংশ তুলে নেওয়ায় বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম কমেছে। সামিট পাওয়ারের শেয়ার এক দশমিক ৭২ শতাংশ কমে ১৪২১ টাকা ২৫ পয়সা হয়েছে। স্পট মার্কেটে লেনদেন করা এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে। এছাড়া প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক ও ফিনিক্স ফাইন্যান্স এর শেয়ারের দামও বেড়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক রেকর্ড উচ্চতায় দিনশেষ করেছে। সিএসইতে ৩০ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকার ২৩ লাখ ২১ হাজার ৮৬টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২৩টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/১৭৫০ঘ.