ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় টানা তিনদিন চাঙ্গা থাকার পর আজ দিনের মাঝামাঝি পর্যন্ত ঢাকার শেয়ার বাজারে মন্দাভাব লক্ষ্য করা গেছে।
গত তিনদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক বা ডিজিএন ইনডেক্স রেকর্ড গড়েছিল মূলত যাদের শেয়ার নিয়ে, বিনিয়োগকারীদের আগ্রহে সেই ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম কমে যাওয়াই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সূচকের পতনে।
বাজারে আসার পর প্রথম দুদিন বাড়তে থাকলেও আজ হঠাৎ করেই ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম কমে যায়। গতকাল দিনশেষে ৯১৪ টাকা ৭৫ পয়সায় বিক্রি হওয়া এই শেয়ার আজ সকাল ১১টা ৫৫ মিনিটে বিক্রি হচ্ছিল ৮৬১ টাকায়।
১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডিএসইতে মোট ১৭৮টি কোম্পানির প্রায় ৯৬ কোটি ৬০ লাখ টাকা দামের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ৭১টির আর অপরিবর্তিত ছিল ১০টি কোম্পানির শেয়ারের।
সেরা পাঁচের কোম্পানিগুলোর মধ্যে দাম কমেছে শুধু পঞ্চম স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের, তবে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ও হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে।
আগের দিন ৮ টাকা ৭৩ পয়সায় বিক্রি হওয়া এইমসের শেয়ার রেকর্ড সর্বোচ্চ ৮ টাকা ৯৩ পয়সায় বিক্রি হচ্ছিল দিনের মাঝামাঝিতে। এবি ব্যাংকের শেয়ার ২ হাজার ৬৩০ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ২ হাজার ৬৫১ টাকা ২৫ পয়সা এবং হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার ১ হাজার ৩০৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১ হাজার ৩২৫ টাকায় বিক্রি হচ্ছিল। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম গতকালের ১ হাজার ৩০৯ টাকা থেকে কমে হয়েছে ১ হাজার ২৯৫ টাকা।
লেনদেনে সেরা দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফিনিক্স ফাইন্যান্স, ইউসিবিএল ও লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের দাম বেড়েছে, অন্যদিকে গ্রামীন ওয়ান মিউচুয়াল ফান্ড ও সামিট পাওয়ারের শেয়ারের দাম কমেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এসএইচ/১৩১২ ঘ.
bdnews24