ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এনজিওগুলোকে সনদ দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। ইতোমধ্যে ৬২টি এনজিওকে এ সনদ দেওয়া হয়েছে। চলতি বছর আরও ১৯০টি প্রতিষ্ঠানকে সনদ দেওয়া হবে।
যে সব এনজিও ইতোমধ্যে ৪০ লাখ টাকা ঋণ বিতরণ করেছে এবং যাদের এক হাজার সদস্য আছে প্রথম দফায় কেবল তাদেরই সনদ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এনজিও কার্যক্রম পরিচালনা সংক্রান্ত যাচাইবাছাই কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও এমআরএ এর সহকারি নির্বাহী পরিচালক খন্দকার মাজহারুল হক সাংবাদিকদের বলেন, ''ইতোমধ্যে প্রায় ৩০০টি এনজিও'র ওপর মাঠ পর্যায়ের জরিপ কাজ শেষ হয়েছে। এর মধ্য থেকে ৬২টি প্রতিষ্ঠানকে সনদ বা সার্টিফিকেট দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরও ১৯০টি এনজিওকে সনদ দেওয়া হবে।''
খন্দকার মাজহারুল হক জানান, প্রাথমিক পর্যায়ে ৭০০ এনজিওকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে সব এনজিও ইতোমধ্যে ৪০ লাখ টাকা ঋণ বিতরণ করেছে এবং যাদের এক হাজার সদস্য আছে প্রথম দফায় কেবল তাদেরই সনদ দেওয়া হচ্ছে।
ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এনজিওগুলোকে তাদের কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ব্যাংক থেকে সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, গত ২৬ ফেব্র"য়ারি ছিল সনদ পাওয়ার আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। সব মিলিয়ে ৫ হাজার আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্য থেকে যাচাই বাছাই করে প্রাথমিক পর্যায়ে ৭০০ এনজিওকে সনদ দেওয়া হবে। তবে আবেদন করা বাকী এনজিওগুলোর কার্যক্রম বন্ধ না করে যোগ্যতা অর্জনের জন্য তাদের এক বছর সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যোগ্যতা অর্জন করতে পারলে পরবর্তী সময়ে তাদের সনদ দেওয়া হবে।
এর আগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানিয়েছিলেন, যে সব এনজিও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সঙ্গে সম্পৃক্ত রয়েছে প্রথম দফায় কেবল তাদেরই সনদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যারা পিকেএসএফের সঙ্গে সম্পৃক্ত নয় তাদের বিষয়ে যাচাই বাছাইয়ের কাজ অব্যাহত থাকবে। মাঠপর্যায়ে তাদের কার্যক্রম সম্পর্কে দেওয়া তথ্য ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে এনজিওগুলোর আয়ের উৎস, ব্যয়ের খাত, ব্যাংকের মতো এনজিওগুলোর পরিচালনা বোর্ডে একই পরিবারের একাধিক সদস্য আছে কি না, পরিশোধিত মূলধন, খেলাপি ঋণ, আমানত ও ঋণসহ সার্বিক বিষয় তদন্ত করার পরই তাদের সনদ তুলে দেওয়া হবে।
এনজিওগুলোকে একটি নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার জন্য ২০০৬ সালের মাঝামাঝিতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অ্যাক্ট করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এমএসবি/এমএ/এমএইচবি/১৯৫৬ ঘ.
bdnews24