ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংক, মিউচ্যুয়াল ফান্ড ও আর্থিক কোম্পানির শেয়ারের লেনদেনের ওপর ভর করে মঙ্গলবার ঢাকার পুঁজিবাজার সাধারণ মূল্যসূচকের নতুন রেকর্ড গড়েছে। রেকর্ডের এই দিনে লেনদেনে শীর্ষে রয়েছে ট্রাস্ট ব্যাংক।
বেলা ১১টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২০ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে দুই হাজার ৬৪৭ দশমিক ৮৩ পয়েন্ট হয়েছে।
ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ২২ দশমিক ০৩ পয়েন্ট বা এক দশমিক ০১ শতাংশ বেড়ে দুই হাজার ১৯০ দশমিক ৪৭ পয়েন্টের ঘরে অবস্থান করছে।
বাজারে আসার একদিনের মধ্যে পুুঁজিবাজার মাত করে এ ব্যাংকের শেয়ারের দাম ৮৪৯ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৯০৬ টাকায় লেনদেন হচ্ছে।
ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত তারা প্রতি শেয়ারের বিপরীতে ১৭ টাকা ৬০ পয়সা মুনাফা করেছে।
এদিকে, এবি ব্যাংকের শেয়ারের দাম দুই হাজার ৪৬০ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে দুই হাজার ৫৭৫ টাকা হয়েছে।
অন্যদিকে, এআইএমএস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ৭ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ৮ টাকা ১৫ পয়সা, সামিট পাওয়ারের এক হাজার ৪৫৭ টাকা থেকে বেড়ে এক হাজার ৪৬০ টাকা, ব্র্যাক ব্যাংকের প্রতি শেয়ার এক হাজার ২৯৭ টাকা থেকে বেড়ে এক হাজার ৩১৫ টাকায় লেনদেনে হচ্ছে।
লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণ ওয়ান এমএফ, ইউনিয়ন ক্যাপিটাল ও হাইডেলবার্গ সিমেন্টের দাম বাড়লেও কমেছে ন্যাশনাল টিউবস এর শেয়ারের দাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24