২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ১৩৭ কোটি টাকা সাদা হয়েছে

রাজস্ব বোর্ডের দেয়া সময়সীমা ৩০ সেপ্টেম্বরের মধ্যে বরিশাল কর অঞ্চলে মোট এক হাজার ৬২৯ জন তাদের অপ্রদর্শিত ১৩৭ কোটি ৪০ লাখ এক হাজার ৪৯৯ টাকা সাদা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

বরিশাল, অক্টোবর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজস্ব বোর্ডের দেয়া সময়সীমা ৩০ সেপ্টেম্বরের মধ্যে বরিশাল কর অঞ্চলে মোট এক হাজার ৬২৯ জন তাদের অপ্রদর্শিত ১৩৭ কোটি ৪০ লাখ এক হাজার ৪৯৯ টাকা সাদা করেছেন। এ তথ্য জানিয়েছেন বরিশাল কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. নজরুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, রাজস্ব বোর্ড ঘোষিত পূর্ববর্তী সময়সীমা ৩০ জুলাইয়ের মধ্যে এ অঞ্চলে মাত্র ৩৩ কোটি অপ্রদর্শিত অর্থ সাদা হয়েছিল। সময় বাড়ানোর ১৩ দিনের মধ্যে ২২ কোটি টাকা সাদা হয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে প্রায় ১৩৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ অঞ্চলে টাকা সাদা করাদের মধ্যে বরিশালের এক হাজার ৭২ জন, পিরোজপুরের ১১৫ জন, বরগুনার ২৩ জন, ঝালকাঠির ১৪৯ জন, ভোলার ১৫৮ জন ও পটুয়াখালীর ১১২ জন। কর কর্মকর্তা জানান, বরিশালে সবচেয়ে বেশি কর দিয়েছে চিকিৎসকরা। তাদের কাছে পাওয়া গেছে ১২ কোটি ৪ লাখ ৩০ হাজার ৪০ টাকা। শুধু শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের এক চিকিৎসক ও তার স্ত্রী যৌথভাবে কর দিয়েছেন ৬১ লাখ ৬৬ হাজার টাকা। এ অর্থ জমা দিয়ে তার প্রায় আড়াই কোটি টাকা সাদা করেছেন। এখন পর্যন্ত বরিশালে এটাই সর্বোচ্চ পরিমাণ অপ্রদর্শিত আয় সাদা করার ঘটনা। তবে প্রকৌশলী ও আইনজীবীদের মধ্যে কর দেয়ার হার একেবারেই কম বলে জানান নজরুল ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭৪৮ ঘ.