২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে ৯ ধরনের পণ্য খালাস বন্ধের নির্দেশ স্থগিত

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় আমদানি করা ৯ ধরনের পণ্য কন্টেইনার থেকে খালাস বন্ধের নির্দেশ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2007, 10:35 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

বন্দর ভবনে রোববার চট্টগ্রাম চেম্বার্স অফ কমার্স ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ীদের চাপের মুখে বন্দর কর্তৃপক্ষ তাদের আগের সিদ্ধান্ত থেকে সড়ে আসতে বাধ্য হয়। 

বৈঠকে অংশ নেওয়া চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ জানান, এসব পণ্য খালাসের সমস্যা সমাধানের জন্য বন্দরের সদস্য (প্রকৌশল) সাফায়েত হোসেন খানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দর কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ আগের সিদ্ধান্ত স্থগিতের কথা স্বীকার করে নফহবংি২৪.পড়স কে বলেন, চিটাগাং চেম্বারের অনুরোধের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বন্দরের ভেতরে ৯ প্রকারের পণ্য খালাস বন্ধের আগের আদেশটি স্থগিত করেছে।

তিনি আরো জানান, বন্দরের নিজস্ব জায়গায় একটি বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত পণ্য খালাসের কাজ আগের মতোই চলবে।  

এর আগের নির্দেশ জারির সময় বন্দর সচিব বলেছিলেন, দীর্ঘদিনের কন্টেইনার জট নিরসনের জন্য কর্তৃপক্ষ ২৬ জানুয়ারি থেকে বন্দরের ভেতরে ইয়ার্ডগুলোতে কন্টেইনারবাহিত ৯ ধরনের পণ্য খালাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ওই নির্দেশ শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও ব্যাবসায়ী সংগঠনগুলোর চাপের মুখে কর্তৃপক্ষ তা কার্যকর করতে পারেনি।

 নির্দেশে বলা হয়েছিল, এফসিএল (ফুল কন্টেইনার লোডেড) কন্টেইনারে পরিবাহিত গম, চাল, সরিষা, ছোলা, ডাল, পশুখাদ্য, কাঁচা তুলা, স্ক্র্যাপ ও ওয়েস্ট পেপার শুক্রবারের পর থেকে বন্দরের ভেতরের ইয়ার্ডগুলোতে খোলা বা বস্তাজাত (আন-স্টাফিং) করে সরবরাহ করা যাবে না। 

এসব পণ্যবাহী এফসিএল কন্টেইনারকে বন্দর থেকে সরাসরি সরবরাহ নিয়ে বেসরকারি দুটি ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে (আইসিডি) খালাসের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু চিটাগাং চেম্বার বেসরকারি আইসিডি দুটিতে এসব পণ্য খালাসের জন্য বন্দরের নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া দাবি করলে বন্দর কর্তৃপক্ষ বিপাকে পড়ে।