২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওরিয়েন্টাল ব্যাংককে নির্দেশ

প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় জড়িত সাবেক ও বর্তমান ২৩ জন কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওরিয়েন্টাল ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বুধবার বিকাল পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান পরিচালনামণ্ডলীকে এই হুঁশিয়ারি দেয়। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক প্রধান নির্বাহী সি এম কয়েস সামী এবং প্রধান শেয়ারধারী ওবায়দুল করিম।  বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, “মামলা করার ক্ষেত্রে গড়িমসি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” অভিযুক্ত ২৩ জনের বিরুদ্ধে সম্মিলিতভাবে ৫৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, ব্যাংকের সঙ্গে প্রতারণা ও আর্থিক লেনদেনে মিথ্যা তথ্য দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০০৬ সালের ১৯ জুন বাংলাদেশ ব্যাংক দুর্দশায় পড়া ওরিয়েন্টাল ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর এই কেলেঙ্কারি ফাঁস হয়। অভিযুক্তরা ভুয়া অ্যাকাউন্ট ও ভাউচার দিয়ে বিশাল অঙ্কের টাকা আত্মসাত করেছিল। ১৯৯৪ সাল থেকেই ওরিয়েন্টালকে “সমস্যাগ্রস্থ ব্যাংক” হিসেবে মানা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বেশ ক’বার নির্দেশনা দেওয়ার পরও ব্যাংকটির ব্যবস্থাপনা পর্ষদ আর্থিক সমস্যার উন্নতিতে কোনো ব্যবস্থা নেয়নি। এরপর সমস্যা মেটাতে বাংলাদেশ ব্যাংক তাদের নির্বাহি পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়।

১৯৮৭ সালে আল--বারাকা ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করার পর ২০০৫ সালে ব্যাংকটি নাম বদল করে। ওরিয়ন গ্র“প এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো শতকরা ৮৩ ভাগ শেয়ার কিনে নেয় তাদের।

এ ব্যাপারে মোহাম্মদ আসাদুজ্জামানের মন্তব্য জানার জন্য বেশ  কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।