২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪০ কোটি টাকা হাতবদলে নয়া উচ্চতায় ঢাকার শেয়ার বাজার

ব্যাংক ও সিমেন্ট কেম্পানিগুলোর উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার লেনদেনের উপর ভর করে লেনদেনে ঢাকার শেয়ার বাজার পৌঁছে গেছে নতুন উচ্চতায়। বুধবার বাজারে হাতবদল হয়েছে একশ ৪০ কোটি ৯০ লক্ষ টাকার শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 08:28 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী শামসুদ্দিন আহমেদ খান বলেন, “কিছুদিন ধরে আমরা বাজারে গুণগত পরিবর্তন লক্ষ্য করছি। বাজারে শেয়ারের পরিমাণ বেড়ে যাওয়ায় লেনদেনের পরিমাণ ও বেড়েছে।”

তিনি বলেন, “‘সেটেলমেন্ট রেগুলেশন’ অধ্যাদেশ সংশোধনের ফলে বাজারে অর্থের আমদানি বেড়েছে। এখন আপনি শেয়ার বিক্রির পরপরই আবার কিনতে পারবেন। ”

এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ওয়ান ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক ‘ব্লক মার্কেট’ এ লেনদেন করেছে। পাঁচটি ব্যাংকের মোট লেনদেনের পরিমান ১৯ কোটি এক লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন ২৫ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা থেকে কমে ২৫ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা হয়েছে।

ডিএসই বাজার মূলধন ৩৪ হাজার ৮৬৭ কোটি ৯০ লাখ টাকা থেকে বেড়ে ৩৫ হাজার ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা হয়েছে যা ২০০৫-০৬ অর্থবছরের জিডিপি ৪ লাখ ১৬১ হাজার ৫৪৬ কোটি টাকার ৮ দশমিক ৪৯ শতাংশ।

 ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ শেয়ারের মূল্যসূচক ৩৩ দশমিক ৫০ পয়েন্ট বা এক দশমিক ৯০ শতাংশ বেড়ে দিন শেষে ১৭৯৪ দশমিক ৯৩ পয়েন্টে পৌঁছায়।

আকর্ষণীয় ডিএসই--২০ ব্লু--চিপ শেয়ারের মূল্যসূচক ১৭ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১৫৩৬ দশমিক ৪১ পয়েন্টে পৌঁছায়।

অন্যদিকে ডিএসআই বা সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫ দশমিক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১৪৬৬ দশমিক ৮৪ পয়েন্টে পৌঁছে।

অগ্রগতির ধারাকে ব্যাখ্যা করতে ‘ব্লক মার্কেট’ শেয়ার লেনদেনের কথা উল্লেখ করেন আহমেদ। তিনি বলেন, বেশিরভাগ বিনিয়োগকারী এসব শেয়ার কেনার জন্য বিনিয়োগ করছে যা মূল্যসূচক বাড়াতে সহায়তা করছে।

তিনি বলেন, “বেশি পরিমাণ ভাল শেয়ার বাজারে থাকলে এ ধরনের পরিস্থিতির উদ্ভব হতো না।”

বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে দেশি ও বিদেশি লোকজনও আজ শেয়ার বাজারের কেনাবেচায় অংশ নিয়েছে। 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পেপার এবং প্রিটিং, সিমেন্ট এবং মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারের মূল্য ১০ দশমিক ৮৯ শতাংশ, ৭ দশমিক ৭৯ শতাংশ এবং ৭ দশমিক ৪০ শতাংশ বাড়ার কারণে সার্বিক শেয়ার মূল্য সূচক ১ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৪১১৪ দশমিক ৯৭ পয়েন্টে পৌঁছায়।

অন্যদিকে সিএসই--৩০ শেয়ারের মূল্যসূচক ০ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৩৬২০ দশমিক ৬৮ পয়েন্টে পৌঁছায়। এছাড়া বাছাই করা শেয়ারের মূল্যসূচক ১ দশমিক ৮০শতাংশ বেড়ে  ২৭০০ দশমিক ৬০ পয়েন্ট হয়। 

লেনদেন তালিকায় পাওয়ার গ্রিড কেম্পানি অব বাংলাদেশ শীর্ষে ছিল। তারপরই ছিল ডেসকো ও যমুনা ব্যাংক।

পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ০ দশমিক ৮০ শতাংশ বেড়ে ৩৪২ টাকা ৫০ পয়সা হয়েছে। তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা।

ডেসকোর শেয়ারের দাম ০ দশমিক ৭৫ শতাংশ কমে ৪৯৫ টাকা ২৫ পয়সা হয়েছে। যমুনা ব্যাংকের শেয়ারের দাম ৫ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৩৪৬ টাকা হয়।

সামিট পাওয়ারের শেয়ারের মূল্য ১ দশমিক ৭৬ শতাংশ কমে ৫৯৯ দশমিক ৫০ টাকা হয়েছে। চতুর্থ অবস্থানে থাকা লাফার্জ সুরমার শেয়ারের  দাম ৭ দশমিক ১০ শতাংশ বেড়ে ৪৫৬ টাকা ২৫ পয়সা হয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাউথইস্ট ব্যাংক, গ্রামীন ১ মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং প্রাইম ব্যাংক প্রধান মুনাফা লাভকারী কোম্পানি।

ডিএসই--তে মিরাকল ইন্ডাস্ট্রিস, অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড এবং ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম উর্দ্ধমুখী ছিল। অন্যদিকে সালেহ কার্পেট, এক্সসেলসর সুজ এবং আনোয়ার গ্যালভানাইজিং এর শেয়ারের দাম কমেছে।

 ডিএসই--তে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৪১ টির এবং ২১ টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।

সিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৩ টির, কমেছে ২০টির এবং দু’টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।