মামলা সংক্রান্ত জটিলতায় রাজস্ব আয় আটকে আছে: বিদায়ী এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য বিদায়ী চেয়ারম্যান শেখ একে মোতাহার হোসেন রোববার বলেছেন, রাজস্ব আদায় নিয়ে কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে প্রচুর মামলার কারণে রাজস্ব আয় কমে যাচ্ছে। তিনি বলেন, মামলার দ্রুত নিষ্পত্তি এবং রাজস্ব কর্মকর্তাদের কাজের নিবিড় পর্যবেক্ষণই অবনতিশীল রাজস্ব আদায় পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে।
নফহবংি২৪.পড়স এর সিনিয়র প্রতিবেদক সাজ্জাদুর রহমানের সঙ্গে রোববার একান্ত সাক্ষাতকারে মোতাহার হোসেন এ কথা বলেন।
ব্যবসায়ীরা দেশের দুর্বল আইনী কাঠামোর সুবিধা নিচ্ছে উল্লেখ করে বিদায়ী চেয়ারম্যান বলেন, “রাজস্ব আদায় সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ব্যাপার নিয়ে আলোচনার জন্য আগামী দুই-- একদিনের মধ্যে আমরা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবো।”
রাজস্ব আয় বাড়াতে প্রয়োজনে অভ্যন্তরীণ উৎস থেকে আয় ব্যবস্থার পুনর্বিন্যাস করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত ১১ হাজার ৪০০টি মামলার কারণে সরকারের ৪ হাজার ১৬১ কোটি টাকার রাজস্ব আটকে আছে। এর মধ্যে কোনো কোনো মামলা বছরের পর বছর ধরে চলছে।
অন্যদিকে নয় হাজার মামলার কারণে প্রায় ১ হাজার ৫শ’ কোটি টাকার শুল্ক আয় আটকে আছে। এ ছাড়া মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আয়কর সংক্রান্ত মামলার কারণেও অনেক টাকা আটকে আছে।
সরকার চলতি ২০০৬--০৭ অর্থবছরে ৪১ হাজার ৫৫ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা গত অর্থবছরের আয়ের চেয়ে ২০ দশমিক ৮ শতাংশ বেশি।
২০০৬--০৭ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১৫ হাজার ৭শ’ ১০ কোটি টাকা। এর বিপরীতে কৌশলগত আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৬শ’ ৯৯ কোটি টাকা। প্রথম ছয় মাসে রাজস্ব আদায় প্রবৃদ্ধির হার মাত্র ৮ দশমিক ৫ শতাংশ।
মোতাহার হোসেন বলেন, “চিনি ও সয়াবিনসহ আরও কিছু পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করার কারণে আমরা প্রায় ১৯শ’ কোটি টাকার রাজস্ব হারিয়েছি।”
চলতি অর্থ বছরের প্রথমার্ধে মোট লক্ষ্যমাত্রার মাত্র ৩৮ শতাংশ রাজস্ব আয় হয়েছে। যা গত অর্থ বছরের একই সময়ে ছিল ৪০ শতাংশ।
এই ব্যবধান আগামী ছয় মাসে থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
মামলার সংখ্যা ক্রমাগত বাড়ার কারণে রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। এমনকি কোন কোন মামলা নিষ্পত্তিতে কয়েক বছর লেগে যাচ্ছে।
তিনি বলেন, ব্যবসায়ীরা আদালতে মামলা করে বছরের পর বছর কর না দিয়ে থাকতে পারেন।
এরই মধ্যে কিছু কিছু নতুন কার্যক্রম যেমন পণ্য সনাক্তকরণের জন্য এইচএস কোড পদ্ধতি অনুসরণ করতে রাজস্ব কর্মকর্তা, আদালত ও আইনজ্ঞদের সময় প্রয়োজন হচ্ছে।
তিনি বলেন, রাজস্ব আদায় পরিস্থিতির উন্নতির জন্য মাঠ পর্যায়ে কার্যক্রমের নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যেক সদস্যকে একটি নির্দিষ্ট অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশে বর্তমানে ১০ লাখ কর সনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। টিআইএন নম্বর অপব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তেমন কিছু না।
“চলতি অর্থ বছরের মধ্যে রাজস্ব আদায় ব্যবস্থা কম্পিউটারাইজড হলে এ ধরনের সমস্যা থাকবে না” বলেও তিনি উল্লেখ করেন।
রাজস্ব আদায়ে অবনতির কারণে সরকার তার ব্যয় মেটানোর জন্য ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার ব্যাংক থেকে এরই মধ্যে ৬ হাজার ৩৫০ কোটি টাকা ঋণ নিয়েছে। অথচ বাজেটে এই বছরের জন্য ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা হচ্ছে ৫ হাজার ৪৩৪ কোটি টাকা।
