শেয়ার বাজারে সন্তোষজনক লেনদেন
মুনাফা অর্জনের দিক থেকে কিছুটা মন্দা দেখা দিলেও রাজনৈতিক অস্থিরতা কমে আসার পর সোমবার শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা আশানুরূপ থাকায় সার্বিক লেনদেন ছিল সন্তোষজনক।
লেনদেনের ক্ষেত্রে তালিকার শীর্ষে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও প্রাইম ব্যাংক।
এ প্রসঙ্গে এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান বলেন, “মুনাফা কম হওয়ায় সূচক কিছুটা নেমে গেলেও রাজনৈতিক অস্থিরতা কমে আসায় সার্বিক লেনদেনের পরিমাণ ছিল সন্তোষজনক।”
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা কমে যায়। রোববার ৯২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হলেও সোমবার তা কমে দাঁড়ায় ৮১ কোটি ১৩ লাখ টাকায়। তবে গত বছরের রেকর্ডের তুলনায় এই পরিমাণ ছিল বেশি। উল্লেখ্য, গত বছর ৩১ আগষ্ট ডিএসইতে রেকর্ড লেনদেন হয় ডার পরিমাণ ছিল ৮০ কোটি টাকা।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনের ২১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা থেকে কমে ১৬ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকায় দাঁড়ায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ শেয়ারের মূল্যসূচক ছয় দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে দিন শেষে দাঁড়ায় ১৬৫০ দশমিক ৭৮ পয়েন্টে।
ডিএসই--২০ ব্লু চিপ শেয়ারের মূল্যসূচক শূন্য দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ১৪৫৫ দশমিক ৬১ পয়েন্টে পৌঁছে।
অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক সাত দশমিক ৯১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৮ শতাংশ কমে দাঁড়ায় ১৩৫১ দশমিক ২৮ পয়েন্টে।
সিএসইতে মিউচুয়াল ফান্ড, তথ্যপ্রযুক্তি ও সেবা খাত এবং ব্যাংকগুলোর শেয়ারের দাম কমেছে। বন্ধকী ও ঋণদানকারী প্রতিষ্ঠানের শেয়ার এক দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্যসূচক শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে ৩৭৯৪ দশমিক ৬১ পয়েন্টে পৌঁছে।
অন্যদিকে সিএসই--৩০ শেয়ারের মূল্যসূচক শূন্য দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়ায় ৩৪৩৬ দশমিক ১৫ পয়েন্টে।
এছাড়া বাছাইকৃত শেয়ারের মূল্যসূচক শূন্য দশমিক ৩৪ শতাংশ কমে ২৪৮৯ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়ায়।
পাওয়ার গ্রিডের শেয়ারের দাম শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে হয় ২৬৫ টাকা ২৫ পয়সা। প্রতিষ্ঠানটির মোট লেনদেনের পরিমাণ ছিল সাত কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকা।
প্রাইম ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল সাত কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা। এদের শেয়ারের দাম এক দশমিক শূন্য নয় শতাংশ বেড়ে ৬০০ দশমিক ২৫ টাকা হয়েছে।
তৃতীয় অবস্থানে থাকা সাউথইষ্ট ব্যাংকের শেয়ারের দাম শূন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে হয় ৩৫৭ দশমিক ৫০ টাকা। এক্সিম ব্যাংকের শেয়ারের দাম শূণ্য দশমিক ২৮ শতাংশ কমে ৩৪৮ দশমিক ৫০ টাকায় দাঁড়ায়।
সর্বোচ্চ লেনদেনকারীদের মধ্যে দরপতন ঘটে স্কয়ার টেক্সটাইল, সামিট পাওয়ার, যমুনা ব্যাংক ও সিটি ব্যাংকের।
ডিএসইতে বিসিআইএল, তাল্লু স্পিনিং ও প্রগতি লাইফ ইন্সুরেন্স প্রধান মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান। অন্যদিকে লোকসানের তালিকার শীর্ষে ছিল বাংলাদেশ অটো কার লিঃ, গ্রামীন ১ এবং শ্রীপুর টেক্সটাইল লিঃ।
ডিএসইতে ২০৭টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির।
সিএসইতে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৬টির এবং ১৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
