টেকনাফ স্থলবন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত
টেকনাফ স্থলবন্দরে ব্যবসায়ী ও শ্রমিকদের ডাকা অবরোধ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার সকালে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের মধ্যে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারী থেকে শুরু হওয়া এই ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী ২৪ জানুয়ারির মধ্যে সব দাবি পূরণ করা না হলে ২৫ জানুয়ারী থেকে আবার ধর্মঘট শুরু হবে।
সীমান্ত বাণিজ্য ব্যবসায়ী সূত্র মতে, টেকনাফ স্থল বন্দর কর্তৃপক্ষের অনিয়ম, দুর্নীতিসহ ১৮ দফা দাবিতে বন্দরের ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনগুলো যৌথভাবে ১০ জানুয়ারী থেকে বন্দরে লাগাতার ধর্মঘট শুরু করে। এতে বন্দরে সব ধরনের লোডিং, আনলোডিং বন্ধ হয়ে যায়। আটকা পড়ে কোটি কোটি টাকার আমদানী রপ্তানী পণ্য।
একাধিক ব্যবসায়ী ও বন্দর কর্মকর্তা জানিয়েছেন, এই আন্দোলনের ফলে সরকার টেকনাফ স্থল বন্দর থেকে চার দিনে তিন কোটি টাকার রাজস্ব হারিয়েছে।
সিএন্ডএফ এজেন্ট সমিতির সভাপতি ও ব্যবসায়ী নেতা হাশেম মেম্বার জানান, ‘জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধের প্রেক্ষিতে আন্দোলন কর্মসূচী আপাতত ২৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। দাবি পুরণ না হলে আবার আন্দোলন শুরু হবে।’
এ ব্যাপারে বন্দর ম্যানেজার (অপারেশন) এস এম ইদ্রিস আলম জানান, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের যৌক্তিক দাবি পূরণ করা হবে এই শর্তে তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।’
