টেকনাফ স্থলবন্দরের অচলাবস্থা কাটেনি
টেকনাফ স্থল বন্দরের ধর্মঘটি ব্যবসায়ীদের সাথে বন্দর কর্তৃপক্ষ কয়েকবার আলোচনায় বসেও অচলাবস্থার কোন সমাধান করতে পারেনি। শুক্রবারও বন্দরের বাইরে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিক ও ব্যবসায়ীরা।
চাঁদাবাজি, ব্যবসায়ী ও শ্রমিকদের হয়রানি বন্ধ এবং বন্দরে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে গত বুধবার থেকে ব্যবসায়ীরা আন্দোলন কর্মসূচি শুরু করলে বন্দরটি অচল হয়ে পড়ে। গত ৪ দিনে কোন মালামাল আমদানি--রপ্তানি হয়নি।
বন্দর সূত্র জানায়, ৪ দিনের এই অচলাবস্থায় সরকার প্রায় এক কোটি টাকার রাজস্ব হারিয়েছে। আটকা পড়েছে ২০ কোটি টাকারও বেশি মূল্যের মালামাল ।
টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট সমিতির সভাপতি হাশেম মেম্বার জানান, দাবিদাওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা মালামাল লোড-আনলোড করবেন না। গত কয়েকদিনে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় কয়েকদফা বৈঠক হলেও বন্দর কর্তৃপক্ষের অনড় মনোভাবের কারণে অচলাবস্থার সুরাহা হচ্ছে না বলে তিনি মনে করেন। তিনি জানান, নাফ নদীতে মিয়ানমার থেকে আসা ৪০টির মত জাহাজ মালামাল খালাস করার অপেক্ষায় রয়েছে। এসব জাহাজে ১৫-২০ কোটি টাকা মূল্যের কাঁচা মাছ রয়েছে।
স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে, বন্দর কর্তৃপক্ষের অনিয়ম, দূর্নীতি ও চাঁদাবাজির বিষয়টি যেমন সত্য, তেমনি বিএনপি সমর্থিত ব্যবসায়ী সিন্ডিকেটের একচ্ছত্র আধিপত্য বিস্তারের মানসিকতাও অচলাবস্থা সৃষ্টির কারণ। অচলাবস্থার সুযোগে সীমান্তের চোরাচালান সিন্ডিকেটগুলো সুবিধা ভোগ করছে বলেও সূত্র জানিয়েছে।
বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক (পরিচালন) এস এম ইদ্রিস আলম বলেন, “ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের ১৮ দফা দাবির অধিকাংশই অযৌক্তিক। মন্ত্রণালয়ের গাইড লাইনের বাইরে আমদানি-রপ্তানির কোন খাতেই অতিরিক্ত অর্থ আদায় করার প্রশ্নই উঠে না।”
