২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ মাসে ব্যাংক থেকে ঋণগ্রহণের পরিমাণ রেকর্ড ছাড়িয়েছে

ব্যাংক থেকে সরকারের মাত্রাতিরিক্ত ঋণগ্রহণ অব্যাহত রয়েছে এবং এরই মধ্যে ঋণগ্রহণের পরিমাণ বাজেটে অর্থবছরের জন্য বেঁধে দেওয়া সীমা ছয় মাস বাকি থাকতেই ছাড়িয়ে গেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমান অর্থবছরের বাজেটে (জুলাই থেকে জুন) ব্যাংক থেকে ৫ হাজার ৪৩৪ কোটি টাকা ঋণ নেওয়ার সীমা নির্ধারণ করা থাকলেও ২৮ ডিসেম্বর ২০০৬ তারিখ পর্যন্ত সরকার ব্যাংকগুলো থেকে ঋণ নিয়েছে ৬ হাজার ৯২ টাকা কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 06:04 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

গত অর্থ বছর এই সময়ে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৯৭৯ কোট ৫০ লাখ টাকা।

অর্থনীতিবিদ জায়েদ বখ্ত বুধবার নফহবংি২৪.পড়স--কে এ প্রসঙ্গে বলেন, “রাজস্ব আদায় এবং বিদেশী সহায়তা প্রাপ্তিতে বড় ধরনের ঘাটতির কারণে সরকারকে সম্পদের যথেষ্ট সীমাবদ্ধতা পোহাতে হচ্ছে। কার্যক্রম চালানোর জন্য ব্যাংক থেকে ঋণগ্রহণ ছাড়া কোন বিকল্প নেই সরকারের কাছে। ”

প্রসঙ্গত, সরকার ২০০৬-- ২০০৭ অর্থবছরে ৬৯ হাজার ৭৪০ কোটি টাকার বাজেট পেশ করে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে আয় ধরা হয় ৫৫ হাজার ৫০ কোটি টাকা। ঘাটতি বাজেটের ৫ হাজার ৮৫৬ টাকা বৈদেশিক উৎস থেকে এবং বাকি টাকা ব্যাংক থেকে ঋণগ্রহণ ও সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে পূরণ করার কথা বলা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, বর্তমান অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির লক্ষমাত্রা ২০ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করা হলেও নভেম্বর পর্যন্ত মাত্র ৯ দশমিক ২৯ ভাগ অর্জিত হয়েছে। 

বর্তমান অর্থবছরে নভেম্বর পর্যন্ত সরকারের রাজস্ব আদায় হয়েছে ১২ হাজার ৮৮২  কোটি ২০ লাখ টাকা। অপরদিকে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিদেশী সাহায্যের পরিমান ছিল ১ হাজার ১৮৬ কোটি টাকা যার ভেতর ১ হাজার ৩০ কোটি টাকা আগের ঋণের সুদ বাবদ পরিশোধে ব্যয় হয়।

বাংলাদেশ ডেভলপমেন্ট স্টাডিজ ইনস্টিটিউটের গবেষক জায়েদ বখ্ত জানান, অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে সম্পদ প্রাপ্তি আশানুরূপ না হওয়ায় সরকারকে ব্যাংক ঋণের প্রতি অধিক নির্ভরশীল হতে হচ্ছে।

তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি সরকার প্রচুর টাকা খরচ করেছে।

ঋণগ্রহণের প্রভাব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির ওপর এর প্রভাব পড়বে। তিনি বলেন, “তবে আমরা ভাগ্যবান যে আমাদের প্রবাসীদের পাঠানো অর্থ এবং রপ্তানি বৃদ্ধি অব্যাহত থাকায় সে রকম চাপের মধ্যে আমরা পড়ছি না।”

গতবছর নভেম্বরের শুরুতে সে সময়ের অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। কেন্দ্রীয় ব্যংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহাম্মেদও ডিসেম্বরের শেষ সপ্তাহে একই ধরনের উদ্বেগ ব্যক্ত করেন।