ড্রাইডকে বাংলার সৌরভ
ছয় মাস আগে বন্দরের বহির্নোঙরে ভয়াবহ বিষ্ফোরণে ক্ষতিগ্রস্ত এমটি ‘বাংলার সৌরভ’কে কর্ণফুলীর বাম তীরের পার্কি সৈকত থেকে টেনে ড্রাইডক জেটিতে ভেড়ানো হয়েছে। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড নামের একটি দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ( বিএসসি) এই জাহাজটি মেরামতের দায়িত্ব পেয়েছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম ড্রাইডক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্ণফুলী শিপ বিল্ডার্স কর্তৃপক্ষ জানায়, ‘নো কিউর, নো পে’ ভিত্তিতে জাহাজটি মেরামতের জন্য বিএসসি’র সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছেন। জাহাজটি মেরামতের চুক্তিমূল্য ধার্য করা হয়েছে ২৩ কোটি ২৫ লাখ টাকা। তারা সাড়ে ৫ কোটি টাকা জামানত হিসাবে জমা দিয়েছেন। শর্ত অনুযায়ী জাহাজটি মেরামতে ব্যর্থ হলে এই টাকা বাজেয়াপ্ত হবে।
সংস্থার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এ রশিদ বলেন, আমরা কঠিন দুটো শর্ত মেনে নিয়েই সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পাই। কিছুদিনের মধ্যে জাহাজটিকে ড্রাইডকে তুলে মেরামতের কাজ শুরু করা হবে।
তবে কতদিনের মধ্যে মেরামত কাজ সম্পন্ন করে জাহাজটি সমুদ্রে ভাসানো সম্ভব হবে সে সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেন নি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহ উদ্দিন, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনামুল বাকী, বিএসসি’র পরিচালক ( বাণিজ্য) শহীদুল আলম, কর্ণফুলী শিপ বিল্ডার্স এর কর্মকর্তা ক্যাপ্টেন আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বি এস সি’র পরিচালক (বাণিজ্য) শহীদুল আলম জানান, ‘বাংলার সৌরভে’র মতো একটি নতুন জ্বালানি-তেল ট্যাংকারের আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে দেড়শ’ কোটি টাকা।
উল্লে¬খ্য গত বছরের ২৪ জুন এক বিষ্ফোরণে জাহাজটির ৪ নম্বর ট্যাংকের ডেক এবং সাইড-প্লেট সম্পূর্ণ উড়ে যায় এবং জাহাজটি মাঝ বরাবর প্রায় দ্বিখণ্ডিত হয়ে পড়ে। ভয়াবহ এই বিষ্ফোরণে একজন ক্যাডেট অফিসার ও পাম্পম্যান ঘটনাস্থলেই এবং মারাত্মক অগ্নিদগ্ধ জাহাজের চিফ অফিসার পরে ব্যাংকক হাসপাতালে মারা যান। বিষ্ফোরণের পর জাহাজটিকে প্রায় ডুবো ডুবো অবস্থায় কর্ণফুলী মোহনার পাশে পার্কি সৈকতে নিয়ে যাওয়া হয়।
সংবাদ সম্মেলনের আগে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ক্ষতিগ্রস্ত জাহাজটি ঘুরিয়ে দেখানো হয়।
