পানির অভাবে সিইউএফএল- এ সার উৎপাদন বন্ধ
দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কর্ণফুলী নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেলে সোমবার মধ্যরাত থেকে ইউরিয়া ইউনিটগুলো বন্ধ হয়ে যায় বলে কারখানা সূত্রে জানা গেছে।
কর্ণফুলী নদীর তীরে স্থাপিত সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন ইউরিয়া ইউনিট বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার তিনি নফহবংি২৪.পড়স -কে বলেন, “ইউরিয়া উৎপাদনের জন্য কর্ণফুলী নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় ইউরিয়া ইউনিটগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।”
তিনি আশংকা প্রকাশ করে বলেন, “পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না গেলে দীর্ঘদিন কারখানাটি বন্ধ রাখতে হতে পারে। এতে করে আসন্ন বোরো মৌসুমে সার উৎপাদন ব্যাহত হবে।”
তিনি বলেন, “পানির বিকল্প উৎস বের করার চেষ্টা চলছে। বিষয়টি এখন প্রকৃতির উপর নির্ভর করছে। নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ কমে গেলে কারখানায় আবারও সার উৎপাদন করা সম্ভব হবে।”
তবে ঠিক বে নাগাদ সার উৎপাদন শুরু হবে তা তিনি জানাতে পারেননি।
এমডি নাজিম উদ্দিন বলেন, “এমনিতেই দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী কারখানাটি গ্যাস সমস্যায় ভূগছিল। এর মধ্যে নতুন উপসর্গ হিসেবে যোগ হয়েছে কর্ণফুলী নদীর পানির লবণাক্ততা। ফলে ১৯ দিনের মাথায় আবারও সার উৎপাদন বন্ধ হয়ে গেলো।”
তবে এমোনিয়া ইউনিটটি চালু আছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গ্যাস সংকটের কারণে গত ২০ ডিসেম্বর সিইউএফএল বন্ধ হয়ে যায়।
জানা যায়, সিইউএফএল এর পানির প্রধান উৎস কর্ণফুলী নদী। এ নদীর পানিতে সম্প্রতি লবণাক্ততার পরিমাণ আশংকাজনক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় সার উৎপাদনে নদীর পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত কর্ণফুলী নদীর পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ থাকে ১১ থেকে ১৫ পিপিএম। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২২০০ পিপিএম।
সিইউএফএল এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, কারখানায় দৈনিক ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন পানি প্রয়োজন হয়। নগরীর কালুরঘাট এলাকা থেকে সিইউএফএল কর্তৃপক্ষ এ পানি সংগ্রহ করে থাকে। কিন্তু বর্তমানে লবণাক্ততা বেড়ে যাওয়ায় তা ব্যবহার করা যাচ্ছে না।
তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে কাপ্তাই বাঁধের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে পানি বের হতে না পারে।
এদিকে পানির বিকল্প উৎস হিসেবে ব্যবহৃত ২টি গভীর নলকূপের মধ্যে বর্তমানে ১টি বিকল থাকায় পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না বলেও তিনি জানান।
সিইউএফএল সূত্রে জানা গেছে, গ্যাসের তীব্র সংকটের কারণে কারখানাটি গত আট মাস থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। এবার নতুন উপসর্গ যোগ হওয়ায় বোরো মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে অনেক পিছিয়ে পড়তে হবে।
সূত্র আরও জানায়, এই সার কারখানায় দৈনিক গড়ে ১৭শ’ টন সার উৎপাদন হয়। দীর্ঘদিন যাবত গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সিইউএফএল--এ সার উৎপাদন সাম্প্রতিক সময়ে অনেক পরিমাণে হ্রাস পায়।
