দ্বিতীয় দিনের মত শেয়ার বাজার চাঙ্গা
২০০৬ সালের পঞ্জিকা বছরে ব্যাংকগুলোর ভালো লভ্যাংশ ফলাফলের ওপর ভর করে মঙ্গলবার দ্বিতীয় দিনের মত শেয়ার সূচক বেড়েছে। আর এতে নেতৃত্ব দিয়েছে সাউথইস্ট ব্যাংক।
ব্যাংকগুলোর লভ্যাংশ আয়ের কথা উল্লেখ করে এসএআর সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আতাউর রহমান বলেন, “ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ার কল্যাণে বাজারের অবস্থা ভাল ছিল।”
তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট লেনদেন সোমবারের ৪২ কোটি ৯০ লাখ টাকা থেকে নেমে ৩৭ কোটি ৮৯ লাখ টাকায় নেমে এসেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমান ৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা থেকে বেড়ে ৮ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ শেয়ারের মূল্যসূচক ৮ দশমিক ৮৭ পয়েন্ট বা ০ দশমিক ৫৬ শতাংশ বেড়ে দিন শেষে ১৫৮৮ দশমিক ০৭ পয়েন্টে পৌঁছায়।
আকর্ষণীয় ডিএসই--২০ ব্লু--চিপ শেয়ারের মূল্যসূচক ১৪ দশমিক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ০২ শতাংশ বেড়ে ১৪০২ দশমিক ০৭ পয়েন্টে পৌঁছায়।
অন্যদিকে ডিএসআই বা সার্বিক শেয়ার মূল্যসূচক ১২ দশমিক ৬৪ পয়েন্ট বা ০ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ১৩০৪ দশমিক ০১ পয়েন্টে পৌঁছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ব্যাংকিং খাতের শেয়ারের মূল্য ১ দশমিক ৭৩ শতাংশ বাড়ার কারণে সার্বিক শেয়ার মূল্য সূচক ১ দশমিক ০৩ শতাংশ বেড়ে ৩৬৮৩ দশমিক ৬৩ পয়েন্টে পৌঁছায়।
অন্যদিকে সিএসই--৩০ শেয়ারের মূল্যসূচক ০ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৩৩১৯ দশমিক ৫১ পয়েন্টে পৌঁছায়। এছাড়া বাছাইকৃত শেয়ারের মূল্যসূচক ০ দশমিক ৫২শতাংশ বেড়ে ২৪০৮ দশমিক ৬৯ পয়েন্ট হয়।
আটটি ব্যাংক ও দুটি বিদ্যুত কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে নেতৃত্ব দিয়েছে।
২০০৬ সালে তৃতীয় সর্বোচ্চ মুনাফা অর্জনকারী সাউথইস্ট ব্যাংক শেয়ার লেনদেন তালিকার শীর্ষে ছিল। এর পরের অবস্থানেই ছিল একই বছরে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জনকারী প্রাইম ব্যাংক।
লেনদেন তালিকায় প্রাইম ব্যাংকের পরেই ছিল ডেসকো, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ এবং এক্সিম ব্যাংক।
সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৩৩০ টাকা ২৫ পয়সা হয়েছে। তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকা।
প্রাইম ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল মোট ৩ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা। এক্ষেত্রে শেয়ারের দাম ৩ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ৫৫০ টাকা হয়েছে।
ডেসকোর শেয়ারের দাম ২ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৪১৩ টাকা ২৫ পয়সা এবং পাওয়ার গ্রীডের শেয়ারের দাম ২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ২৪৩ টাকা ৫০ পয়সা হয়েছে।
এক্সিম ব্যাংকের শেয়ারের দাম শুন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে ৩২৮ টাকা ৭৫ পয়সা হয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে যমুনা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম উর্দ্ধমুখী ছিল। অন্যদিকে সিটি ব্যাংক, এবি ব্যাংক এবং পূবালী ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
ডিএসই--তে লেনদেন হওয়া ১৭২ টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ৬৩ টির এবং ২৯ টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
সিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৩ টির, কমেছে ২৮টির এবং ১৮টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
