২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচলাবস্থা কাটিয়ে বন্দরে পণ্য সরবরাহ শুরু

টানা তিন দিনের অবরোধ শেষে মঙ্গলবার সন্ধ্যার পর চট্টগ্রাম বন্দর থেকে পণ্য সরবরাহ পুরোদমে শুরু হয়েছে। রাতের পালা (৮টা থেকে) থেকে ডক শ্রমিকরাও কাজে যোগ দেওয়ায় জাহাজে পণ্য ওঠানামার কাজ চলছে সমানতালে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 09:26 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “অবরোধ ও অন্যান্য কারণে বন্দরে সৃষ্ট কন্টেইনার জট দ্রুত নিরসন করতে কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।”

এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করলেও সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, ব্যবসায়ীরা যাতে দ্রুত তাদের পণ্য সরবরাহ নিতে উৎসাহিত হন সেজন্য বন্দর কর্তৃপক্ষ দণ্ড ভাড়া মওকুফ করতে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পেশ করেছে।

তাছাড়া সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও বন্দর থেকে ২৪ ঘন্টা পণ্য সরবরাহ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।   

এর আগে মঙ্গলবার সকালের পালা থেকে অবরোধের সমর্থনে ডক শ্রমিকরা আকস্মিক ধর্মঘটে গেলে সকাল থেকে চট্টগ্রাম বন্দর সম্পূর্ণ অচল হয়ে পড়ে। পরে সন্ধ্যায় ১২ ঘন্টার ধর্মঘট শেষে ডক শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করলে বন্দর পুরোপুরি সচল হয়ে ওঠে।   

বিকাল চারটায় বন্দর সংলগ্ন নিমতলা চত্বরে এক সমাবেশে মহাজোটের বিভাগীয় সমন্বয়ক ও সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর অবরোধ কর্মসূচী সমাপ্ত ঘোষণা করলে ডক শ্রমিকরাও কাজে যোগদানের সিদ্ধান্ত নেয়। 

ডক শ্রমিক সিবিএ’র সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সন্ধ্যা ৬ টায় নফহবংি২৪.পড়স -কে জানান, “ডক শ্রমিকরা রাতের পালা থেকে কাজে যোগ দেন এবং এজন্য সন্ধ্যা থেকে বুকিং নিতে শুরু করেছে।”

বন্দরের সহকারী ট্রাফিক ম্যানেজার (জেটি ও ইয়ার্ড) মশিউর রহমান বেগ অবশ্য বলেন, “রাতের পালা থেকে পুরোদমে কাজ শুরু হলেও বন্দরে যে ভয়াবহ কন্টেইনার জটের সৃষ্টি হয়েছে তা কাটাতে অন্তত এক মাস সময় লেগে যাবে। তবে এ সময়ের মধ্যে যদি আবারও কোনো হরতাল--অবরোধ কর্মসূচী আসে তাহলে এ জটের পরিণতি কি হবে তা আগাম বলা যাচ্ছে না।” 

বন্দর সূত্রে জানা যায়, বর্তমানে ইয়ার্ডগুলোতে ২০ হাজার ৭২০ টিইইউ’স কন্টেইনার স্তুপীকৃত হয়ে আছে। যা সাড়ে ১৪ হাজার টিইইউ’স ধারণ ক্ষমতার চাইতে ছয় হাজার টিইইউসেরও বেশি।

এদিকে জেটিতে ১০টি কন্টেইনার জাহাজে খালাসের অপেক্ষায় রয়েছে আরো ২২০০ টিইইউ’স। এ ছাড়া বহির্নোঙ্গরে ২২টি কন্টেইনার জাহাজ ১১ হাজার ২’শ টিইইউ’স কন্টেইনার নিয়ে জেটিতে ভেড়ার অপেক্ষায় রয়েছে। 

সাধারণ পণ্য ও কন্টেইনার নিয়ে সর্বমোট ৬৭টি জাহাজ এখন বন্দরের ভিতরে ও বহির্নোঙ্গরে অপেক্ষমান রয়েছে বলে সূত্র জানায়।