মৌসুমী ফসলের কারণে মুদ্রাস্ফীতি কমেছে
মৌসুমী ফসল ও শীতকালীন শাক--সব্জির সরবরাহ এবং বিনিময় হারে স্থিতিশীলতার কারণে আক্টোবর মাসে মুদ্রস্ফীতির হার ৬ দশমিক ৯৮ শতাংশ থেকে কমে নভেম্বর মাসে ৬ দশমিক ৮৫ শতাংশ হয়েছে।
বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ডেভোলপমেন্ট স্টাডিজের গবেষণা পরিচালক জায়েদ বখত মুদ্রাস্ফীতি কমার পেছনে মৌসুমী ফষলের চাষাবাদ, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ও বিনিময় হারে স্থিতিশীলতা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগকে চিহ্নিত করেছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, পয়েন্টু টু পয়েন্ট মুদ্রাস্ফীতির হার ২০০৬ সালের অক্টোবর মাসে ৭ দশমিক ৩১ শতাংশ থেকে কমে নভেম্বর মাসে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে।
খাদ্য ও খাদ্যবর্হিভূত দ্রব্যের মূল্যস্ফীতি যথাক্রমে ৭ দশমিক ৬৮ শতাংশ ও ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। অক্টোবর মাসে এই হার ছিল ৭ দশমিক ৬৯ শতাংশ এবং ৬ দশমিক ০৬ শতাংশ।
খাদ্য ও খাদ্য বর্হিভূত দ্রব্যের মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতেও অক্টোবর মাসের চেয়ে নভেম্বর মাসে কম ছিল।
প্রবাসীদের প্রেরিত অর্থ (রেমিটেন্স) এবং রপ্তানি আয় বাড়ার কারণে ডলার বিনিময় হারে স্থিতিশীলতার কথা উল্লেখ করে জায়েদ বখত বলেন, “মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতার কারণে আমদানি নির্ভর মুদ্রাস্ফীতির হার কম হয়েছে।”
তিনি বলেন, “বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় নিয়ন্ত্রণে তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগও মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করেছে।” এডিপি ব্যয় নিয়ন্ত্রণে তত্ত্বাবধায়ক সরকারের পূর্ববর্তী অর্থ উপদেষ্টা আকবর আলি খানের উদ্যোগের কথাও তিনি স্মরণ করেন।
বখত বলেন, “কিন্তু এটা একটি সাময়িক স্থিতিশীলতা। সামষ্টিক অর্থনীতি এখনো কিছুটা চাপের মুখে রয়েছে।”
তিনি বলেন, “আমাদের সতর্ক থাকতে হবে। সরকার ও প্রার্থীদের নির্বাচন সংশ্লিষ্ট খরচ মুদ্রাস্ফীতি হারের ওপর প্রভাব ফেলতে পারে।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে গ্রামীন ও শহরাঞ্চল দুই স্থানেই মুদ্রাস্ফীতির চাপ কমেছে।
নগরাঞ্চলে মুদ্রাস্ফীতির গড় হার আক্টোবর মাসে ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে কমে নভেম্বর মাসে ৬ দশমিক ৬৩ শতাংশে পৌঁছেছে।
অন্যদিকে গ্রামীণ অঞ্চলে মুদ্রাস্ফীতির গড় হার ৭ দশমিক ০৭ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৯৩ শতাংশে পৌঁছেছে।
এছাড়া পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতেও গ্রামীণ ও নগরাঞ্চলে মুদ্রাস্ফীতির হার কমেছে।
