কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ চাপের মুখে
কেন্দ্রীয় ব্যাংক নিজের তহবিল থেকে সরকারকে ২ হাজার ৪শ’ ৫৫ কোটি টাকা ধার দেওয়ায় বাজারে মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের উদ্যোগ চাপের মুখে পড়েছে।
বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিলের মাধ্যমে বাজার থেকে পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে ব্যর্থ হয়ে গত তিন মাসে এই পরিমাণ অর্থ ধার দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এটা বাজারে দীর্ঘ মেয়াদে মুদ্রা সরবরাহ বাড়িায়ে দেবে। কিন্তু এটা একটি মৌসুমী সমস্যা। আশা করছি আগামী মাসগুলোতে আমরা মুদ্রা সরবরাহ কমাতে পারব।”
মুদ্রাস্ফীতির হারের পূর্বাভাসের জন্য ব্যবহৃত একটি অন্যতম অর্থনৈতিক সূচক ‘ব্রড মানি’ সরবরাহের পরিমাণ গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ২০ দশমিক ২১ শতাংশ বেড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ২০০৬ সালের জুলাই মাসের মুদ্রা নীতি প্রতিবেদনে ২০০৬-০৭ অর্থবছরের জুলাই-- সেপ্টেম্বর তিন মাসে বাজারে ব্রড মানি সরবরাহের হার ১৫ দশমিক ৭ শতাংশে রাখার পরিকল্পনা করা হয়। অক্টোবর--ডিসেম্বর মেয়াদে এই হার ১৬ দশমিক ৯ শতাংশ রাখার পরিকল্পনা ছিলো।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ট্রেজারি বিলের নিলামে ব্যাংকগুলোর কাছ থেকে আশা অনুযায়ী সাড়া না পাওয়ায় তারা নিজস্ব তহবিল থেকে বাজারে মোট ২ হাজার ৪শ’ ৫৫ কোটি টাকা ছেড়েছে।
সরকারের ঋণ চাহিদা মেটানোর জন্য ২০০৬ সালের অক্টোবর থেকে ট্রেজারি বিলগুলোর নিলাম প্রক্রিয়া শুরু হয়।
ঈদের কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বলেন, ঈদের আগে ব্যাপক হারে টাকা উত্তোলনের আশঙ্কায় অধিকাংশ ব্যাংক ট্রেজারি বিল নিলামে অংশ নেয় নি।
“কিন্তু বাজারে সে সময় পর্যাপ্ত পরিমাণ তারল্য ছিল” বলে তিনি জানান।
২০০৬ সালের সেপ্টেম্বরে মুদ্রা ও রাজস্ব নীতিমালার মধ্যে অসামঞ্জস্য দূর করতে ট্রেজারি বিল ও বন্ডকে সরকারের ঋণ গ্রহণের মাধ্যম হিসেবে নির্ধারিত করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
এই ব্যবস্থার অধীনে সরকারকে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ঋণ নেওয়ার আগেই তার পরিমাণ বাংলাদেশ ব্যাংককে জানাতে হয়।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালের ৩ অক্টোবর থেকে সরকার ট্রেজারি বিলের মাধ্যমে বাজার থেকে যে পরিমাণ ঋণ নিতে চেয়েছিল ব্যাংকগুলো দরপত্রে তার চেয়ে কম প্রস্তাব করে।
দরপত্রে ব্যাংকগুলোকে আকর্ষণ করতে ব্যর্থ হওয়ায় বিলগুলো আবার বাংলাদেশ ব্যাংকের কাছে ফিরে আসে। সরকারের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক বাদবাকি এই বিলের সমপরিমাণ অর্থ নিজের তহবিল থেকে সরবরাহ করে।
পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরের শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে ২৮ দিন মেয়াদী মোট ১ হাজার ৬শ’ ৩৫ কোটি ৫ লাখ টাকার ট্রেজারি বিল ফিরে এসেছে।
সর্বশেষ তিন মাসে বাংলাদেশ ব্যাংকে ৫শ’ ৭২ কোটি টাকার ৯১ দিন মেয়াদী, ২শ’ ৫ কোটি টাকার ১৮২ দিন মেয়াদী এবং ৪২ কোটি ৫০ লাখ টাকার ৩৬৪ দিন মেয়াদী ট্রেজারি বিল ফেরত এসেছে।
সূত্র জানায়, ২০০৬--০৭ অর্থবছরের জুলাই--অক্টোবর মেয়াদে সরকারি খাতের ঋণের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ১০ শতাংশ বা ৫ হাজার ১শ’ ৯১ কোটি ৮০ লাখ টাকা বেড়েছে।
একই সময়ে বেসরকারি খাতের ঋণের পরিমাণ ৪ দশমিক ৬০ শতাংশ বা ৬ হাজার ২৪ কোটি ৯০ লাখ টাকা বেড়েছে।
২০০৬-০৭ অর্থবছরের জুলাই--অক্টোবর মেয়াদে সরকারের নিট ঋণের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৪ হাজার ৭শ’ ৫৭ কোটি ১০ লাখ টাকা বা ১৫ দশমিক ০২ শতাংশ বেড়েছে।
সরকারি খাতের অনান্য প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ একই সময়ে ৪শ’ ৩৪ কোটি ৭০ লাখ টাকা বা ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানায়।
