বিয়ানীবাজারে ৫ টাকার বিকল্প মুদ্রা!
সিলেটের প্রবাসীবহুল বিয়ানী বাজার উপজেলায় পাঁচ টাকার কয়েনের বিকল্প কাগজের মুদ্রা চালু হয়েছে। ভাংতি সংকট নিরসনে কাগজের এ মুদ্রা প্রায় দুই মাস ধরে চালু থাকলেও প্রশাসন এ ব্যাপারে কিছুই জানে না।
গত প্রায় দুই মাস ধরে উপজেলার চারখাই বাজারসহ এর আশপাশের কয়েকটি হোটেল ও বিভিন্ন দোকানে পাঁচ টাকার কয়েনের পরিবর্তে কয়েনের আকারে অফসেট কাগজে এই মুদ্রা চালু হয়। কাগজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাসহ ঠিক মাঝখানে প্রতিষ্ঠানের সত্বাধিকারীর স্বাক্ষর ও তারিখ দেওয়া থাকে। তবে এই কাগজের মুদ্রা ওই এলাকার নির্দিষ্ট প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও বিনিময় করতে পারছেন না ক্রেতারা। ফলে অনেকে কয়েনের বদলে কাগজের মুদ্রা পেয়েও অনেক সময় বিনিময় করতে না পেরে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
কয়েক দিন আগে উপজেলার চারখাই বাজারের প্রিয়াংকা রেস্টুরেন্ট, রাজমহল (মিষ্টি ও কনফেকশনারি দোকান) ও পারভেজ রেস্টুরেন্টে গেলে প্রকাশ্যেই এই কাগজের বিকল্প মুদ্রার ব্যবহার দেখা যায়।
এসকল প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও কর্মচারীরা জানান, ভাংতি পাঁচ টাকার কয়েনের চরম সংকট চলছে। এ কারণেই এই বিকল্প কাগুজে মুদ্রার ব্যবহার তারা শুরু করেছেন।
এ ব্যাপারে প্রিয়াংকা রেস্টুরেন্টের এক কর্মচারি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটা এখন এখানকার রীতি। প্রয়োজনেই এ মুদ্রার ব্যবহার হচ্ছে।”
একই রেস্টুরেন্টে কথা হয় বিকল্প কাগুজে মুদ্রা পেয়ে হয়রানির শিকার নগরীর কুমার পাড়ার মো. হাবিবুর রহমানের সঙ্গে।
তিনি জানান, গত মঙ্গলবার তিনি রেস্টুরেন্টে ৪৫ টাকার নাস্তা করেন। ৫০ টাকার নোট দেওয়ার পর জালাল নামে এক ব্যক্তির স্বাক্ষর করা কাগজের বিকল্প মুদ্রা দেওয়া হয়। এ সময় রেস্টুরেন্টের কর্মচারিরা তাকে এ মুদ্রা এ রেস্টুরেন্টে এসেই বিনিময় করার পরামর্শ দেয়।
হাবিব জানান, তিনি বার বার আসল কয়েন চেয়ে না পেয়ে ফিরে আসেন। হাবিবের মতো এলাকার অনেকেই বিকল্প মুদ্রা নিয়ে বিপাকে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।
তবে এ ব্যাপারে বিয়ানী বাজার প্রশাসন কিছুই জানে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ব্যাপারে বিয়ানী বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “এলাকায় এ ধরনের বিকল্প মুদ্রার কথাটি আজই শুনলাম।” এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক জামাল হোসেন মজুমদার বলেন, “কয়েনের সংকট বা কয়েন পাচারের কারণে এ ধরনের মূদ্রা চালু হতে পারে। এ বিষয়টি আমরা তদন্ত করব। দেখি কি ব্যবস্থা নেওয়া যায়।”
