তেল সংকটে চট্টগ্রাম
তেল সরবরাহ বন্ধ থাকায় এবং ঈদ উপলক্ষে বেশ কয়েকটি পেট্রোল পাম্প না খোলায় চট্টগ্রামে মঙ্গলবারও জ্বালানি তেলের সংকট অব্যাহত ছিল। অধিকাংশ খুচরা ক্রেতা তেলের জন্য এক পেট্ট্রোল পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেছেন। এরপরও তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন অনেকে।
শিমুল নামে প্রাইভেট কারের এক চালক ওয়াসা, জামাল খান ও গনি বেকারিতে তেল না পেয়ে অবশেষে লাভ লেইন মোড়ের পাম্প থেকে অকটেন কেনেন। তিনি বলেন, ঈদের আগের দিন কক্সবাজার থেকে ফিরে ভেবেছিলেন কোথাও না কোথাও তেল পাবেন। কিন্তু ঈদের দিন অনেক ঘুরেও তা পাননি।
তিনি জানান, “রিজার্ভের পরিমাণ কমে যাওয়ায় আজ (মঙ্গলবার) কন্টেইনার নিয়ে তেল কিনতে বের হয়েছি।”
এপোলো-- ১১ পাম্পের অপারেটররা জানান, তেল কম থাকায় তারা রেশনিং করে বিক্রি করছেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) শনিবার তেল সরবরাহ না করায় এ সমস্যা তৈরি হয়েছে বলে পাম্পের ক্যাশিয়ার মোহাম্মদ নজরুল জানান।
এ পাম্পে অকটেন নিতে আসা আল আমিন জানান, রোববার কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেও তেল পাননি। আজও (মঙ্গলবার) ওয়াসার মোড়ে তেল না পেয়ে এখানে এসেছেন।
চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলোও তেল সংকটে ভুগছে। এস আলম, সিল্ক লাইনসহ কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি রুটে চলাচলকারী বাস সার্ভিসের কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের চাপের মধ্যে তারা তেল নিয়ে দুশ্চিন্তায় আছেন। বুধবারের মধ্যে সমস্যার সমাধান না হলে রুটগুলোতে বাস কমিয়ে দিতে হবে।
এস আলম সার্ভিসের মোহাম্মদ সাজিদ জানান, এখন পর্যন্ত সমস্যা না হলেও পরিচিত পেট্রোল পাম্পগুলো থেকে বলে দেওয়া হয়েছে তেলের মজুদ কম।
