তেল সংকট: ৭ জানুয়ারি থেকে পেট্রোল পাম্পে ধর্মঘটের হুমকি
জ্বালানি তেল সংকট নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ জানুয়ারি থেকে সারাদেশে লাগাতার ধর্মঘটসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা।
এদিকে তেল সরবরাহ না থাকায় অনেক পাম্পই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ।
মালিক সংগঠনের সভাপতি নাজমুল হক বলেছেন, সারাদেশে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হচ্ছেন।
তেল সংকট তীব্রতর হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি নাজমুল হক মঙ্গলবার নফহবংি২৪.পড়স কে বলেন, “গত ৫০ বছরে পাঁচদিন ধরে এরকম তেল সরবরাহ বন্ধ রাখার কোনো নজির নেই। এ অবস্থায় সারাদেশে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় আগামী ৭ জানুয়ারি থেকে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছেন।”
তিনি আরও বলেন, সারাদেশ থেকে পেট্রোল পাম্পের মালিকরা তাকে ফোন করে কঠোর কর্মসূচি দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতেই তারা কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন।
তবে তিনি বলেন, এ ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী ৪ জানুয়ারি সংগঠনের নির্বাহী কমিটির বৈঠকে তা চূড়ান্ত করে সাংবাদিকদের জানানো হবে।
নাজমুল হক আরও বলেন, “তেল নিয়ে কোনোরকম লুকোচুরি না করে এই সংকটের জন্য যারা দায়ী তাদেরকে অপসারণ করতে হবে।”
তিনি জানান, সাধারণত পেট্রোল পাম্পগুলোতে যে মজুত থাকে তাতে দুদিন চলতে পারে। খুব বিপদে পড়লে টেনেটুনে তিনদিনও চালানো যায়। কিন্তু এভাবে পাঁচদিন ধরে সরবরাহ বন্ধ থাকায় দেশে মহাসংকটের সৃষ্টি হয়েছে।
এক প্রশ্নের জবাবে বলেন, পাঁচদিন বন্ধ রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তারা। কিন্তু সরকার তা শোনেনি। এখন সারাদেশে একযোগে সংকটে পড়ায় এ দায়--দায়িত্ব তাদেরই নিতে হবে।
এদিকে তেল সংকটের কারণে কোরবানীর পশুর চামড়া পরিবহনে ভোগান্তির শিকার হচ্ছেন চামড়া ব্যবসায়ীরা। ট্যানারিতে চামড়া পাঠাতে না পেরে অনেকেই স্থানীয়ভাবে তা গুদামজাত করতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।
তীব্র তেল সংকট দেখা দিয়েছে দেশের অন্যান্য স্থানেও। কোনো কোনো পাম্পে আগেই ঝুলিয়ে দেওয়া হয় ‘তেল নেই’ বিজ্ঞপ্তি।
গাবতলীর টেকনিক্যাল মোড়ের পূর্বাঞ্চল ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফ খান নফহবংি২৪.পড়স কে বলেন, “আগাম কোনো ঘোষণা না দিয়ে সরকার গত ২৯ ডিসেম্বর থেকে হঠাৎ করে পাঁচদিনের জন্য তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর ফলে আমরা চাহিদা মতো তেল গ্রাহকদের সরবরাহ করতে পারছি না। এ অবস্থায় পাম্প বন্ধ রাখা ছাড়া অন্য কোনো উপায়ও দেখছি না।”
এদিকে তেল না পেয়ে সমস্যায় পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা। তেলের অভাবে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে বেশ কিছু যাত্রীবাহী বাসের নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছেন তারা।
শ্যামলী পরিবহনের কল্যাণপুর কাউন্টারের ম্যানেজার শরিফুল আলম নফহবংি২৪.পড়স কে বলেছেন,“পর্যাপ্ত যাত্রী থাকার পরও তেলের অভাবে আমাদের কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে।”
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, আগামী ৩ জানুয়ারি বুধবার সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে পুনরায় তেল সরবরাহ করা হবে। তবে মঙ্গলবার অনেক চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাজধানীর একটি হোটেলে গত শনিবার বিকেলে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নাজমুল হক সরকারের প্রতি জরুরী ভিত্তিতে তেল সরবরাহের আহ্বান জানান।
তিনি দাবি করেন, সাম্প্রতিক মাসগুলোয় সরকার ডিলারদের তেল সরবরাহে অঘোষিত রেশনিং ব্যবস্থা চালু করেছে। ফলে চাহিদা অনুযায়ী তেল দিতে না পারায় গ্রাহকদের সঙ্গে পাম্প মালিকদের প্রায়ই বাকবিতণ্ডা হচ্ছে।
রাজশাহী, খুলনা, পিরোজপুর, পাবনা, শেরপুর, রাজবাড়ি, দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলা থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধিরা জানাচ্ছেন, তেলের অভাবে সেখানকার কিছু কিছু পাম্প বন্ধ রয়েছে।
তবে রাজশাহী ও শেরপুরে পাম্প বন্ধ রেখে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামে ডিজেল পাওয়া গেলেও পেট্রোল এবং অকটেনের সংকট রয়েছে।
