রাজধানীসহ কয়েকটি জেলায় তীব্র তেল সংকট
মঙ্গলবার দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত রাজধানীতে তেল সংকট সোমবারের তুলনায় আরও তীব্র হয়েছে। সকাল থেকে বেশীর ভাগ পাম্প তেলের অভাবে বন্ধ রয়েছে।
পেট্রোল পাম্প মালিকরা ঘোষণা দিয়েছেন সরকার দ্রুত সংকট নিরসনের পদক্ষেপ না নিলে আগামী ৭ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘট পালন করবেন।
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, “তেল নিয়ে কোনো রকম লুকোচুরি না করে এই সংকটের জন্য যারা দায়ি তাদেরকে অপসারণ করতে হবে।”
এদিকে তেল সংকটের কারণে কোরবানীর পশুর চামড়া পরিবহনে ভোগান্তির শিকার হচ্ছেন চামড়া ব্যবসায়ীরা। ট্যানারীতে চামড়া পাঠাতে না পেরে অনেকেই স্থানীয়ভাবে তা গুদামজাত করতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।
তীব্র তেল সংকট দেখা দিয়েছে রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে। ঈদের দিন শত শত যানবাহনের লম্বা লাইন দেখা যায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে। জানাচ্ছেন প্রদীপ চৌধুরী, প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর
কোনো কোনো পাম্পে আগেই ঝুলিয়ে দেওয়া হয় ‘তেল নেই’ বিজ্ঞপ্তি।
তেল ডিপো থেকে টানা পাঁচদিন সরবরাহ বন্ধ রাখার সরকারি আদেশের ফলে এই তেল সংকট দেখা দিয়েছে বলে পাম্প মালিকরা জানান। তাদের অভিযোগ সরকার কোনো কারণ ছাড়াই পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ রেখেছে।
এ জন্য সমস্যা হয়েছে আজকের ঈদ উৎসবেও।
গাবতলীর টেনিক্যাল মোড়ের পূর্বাঞ্চল ফিলিং স্টেশনের পরিচালক আব্দুল লতিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন,“আগাম কোনো ঘোষণা না দিয়ে সরকার গত ২৯ ডিসেম্বর থেকে হঠাৎ করে পাঁচ দিনের জন্য তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর ফলে আমরা চাহিদামত তেল গ্রাহকদের দিতে পারছি না। এ অবস্থায় পাম্প বন্ধ রাখা ছাড়া অন্য কোনো উপায় দেখছি না।”
এদিকে তেল না পেয়ে সমস্যায় পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা। তেলের অভাবে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে বেশ কিছু যাত্রীবাহী বাসের নির্ধারিত যাত্রা বাতিল করতে হয়েছে।
শ্যামলী পরিবহনের কল্যাণপুর কাউন্টারের ম্যানেজার শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেছেন,“পর্যাপ্ত যাত্রী থাকার পরও তেলের অভাবে আমাদের কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে।”
তেল সংকটের কারণে কোরবানীর পশুর চামড়া পরিবহনে সমস্যার সৃষ্টি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফিনিস গুডস অ্যান্ড ফুটওয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু সুলতান।
তিনি বলেন,“চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের ক্ষেত্রে আগামী ১২ ঘন্টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, আগামী ৩ জানুয়ারি সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে পুনরায় তেল সরবরাহ করা হবে।
রাজধানীর একটি হোটেলে গত শনিবার বিকেলে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নাজমুল হক সরকারের প্রতি জরুরী ভিত্তিতে তেল সরবরাহের আহ্বান জানান।
তিনি দাবি করেন, সাম্প্রতিক মাসগুলোয় সরকার ডিলারদের তেল সরবরাহে অঘোষিত রেশনিং ব্যবস্থা চালু করেছে। ফলে চাহিদানুযায়ী তেল দিতে না পারায় গ্রাহকদের সঙ্গে পাম্প মালিকদের প্রায়ই বাকবিতণ্ডা হচ্ছে।
রাজশাহী, খুলনা, পিরোজপুর, পাবনা, শেরপুর, রাজবাড়ি, দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিনিধিরা জানাচ্ছেন, তেলের অভাবে সেখানকার কিছু কিছু পাম্প বন্ধ রয়েছে।
তবে রাজশাহী ও শেরপুরে পাম্প বন্ধ রেখে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামে ডিজেল পাওয়া গেলেও পেট্রোল এবং অকটেনের সংকট রয়েছে।
