২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব প্রতিযোগিতার সূচকে বাংলাদেশের অবস্থান নিম্নগামী

২০০৬-০৭ অর্থবছরে বিশ্ব প্রতিযোগিতার সক্ষমতার সূচকে (জিসিআই) ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১২১তম। অপর্যাপ্ত অবকাঠামো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তাদের প্রাতিষ্ঠানিক কাঠামোর অদক্ষতা--দুর্নীতির কারণে আগের বছরের তুলনায় এ বছর বাংলাদেশের অবস্থান একধাপ নিচে নেমে গেছে। তবে গত বছর এ সমীক্ষাটি ১১৭টি দেশের ওপর পরিচালিত হয়েছিল। শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 05:32 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ওই অনুষ্ঠানে সিপিডি গ্লোবাল কমপিটিটিভ রিপোর্ট ২০০৬-০৭ ও বাংলাদেশ ব্যবসায়ীক পরিবেশ সমীক্ষা ২০০৬ শীর্ষক একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করেন। সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভটাচার্য, গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান ও গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম এ সময়ে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ১০ কোটি টাকার ওপর মূলধনসম্পন্ন ১১৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের মূল্যায়ন জরিপের ভিত্তিতে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়। সিপিডি জানায়, জরিপে অংশগ্রহণকারী ১০ শতাংশ প্রতিষ্ঠান বিদেশী মালিকানাধীন। আন্তর্জাতিকভাবে একই প্রশ্নের ভিত্তিতে তৈরি প্রতিবেদনের অংশ হিসেবে সিপিডি ওই প্রতিবেদনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ মূল্যায়ন করে।

জিসিআই সমীক্ষায় বলা হয়, গত বছরের তুলনায় সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা এবং স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যথাক্রমে প্রায় ৮ শতাংশ ও দশমিক ১৭ শতাংশ ইতিবাচক পরিবর্তন ঘটলেও প্রায় সব ক্ষেত্রে নেতিবাচক পরিবর্তন ঘটেছে। বিশেষ করে দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল সর্বোচ্চ ১২৫তম। এ সময়ে দুর্নীতিগ্রস্ত পরিস্থিতির কোন উন্নতি হয়নি। সরকারের উচ্চস্তর থেকে নিুস্তর পর্যন্ত সব পর্যায়েই অবৈধ অনুদান প্রচলিত বলে ওই প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত অর্থবছরের তুলনায় জিসিআই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান নিুগামী হওয়ার ক্ষেত্রে প্রধান প্রভাবকের ভুমিকায় ছিল অপর্যাপ্ত অবকাঠামো ও অর্থায়ন প্রাপ্তির সুযোগ হ্রাস। দেশের ব্যবসায়ীরা মনে করেন বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক আর্থিক নীতির কারণে অর্থায়ন প্রাপ্তির সুযোগ হ্রাস পেয়েছে।

এ বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভটাচার্য বলেন, জঙ্গিবাদের উত্থান এবং ঘণীভূত রাজনৈতিক সংকটের ব্যাপারে বিনিয়োগকারীরা জরিপে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সরকার, জাতীয় সংসদ ও রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়েছেন।

তিনি বলেন, প্রতিযোগিতা সক্ষমতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাবকগুলোর মধ্যে অপর্যাপ্ত শিল্প অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ খাতই প্রধান বলে বিনিয়োগকারীরা মনে করেন।

জরিপ মতে, ৯৫ শতাংশ বিনিয়োগকারীর অভিমত দেশের বিদ্যুৎ সরবরাহের মান বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় খারাপ।   

প্রতিবেদনে দাবি করা হয়, কতিপয় ব্যবসায়ী গ্র“প দেশের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করে আসছে। সরকারি কাজ ও চুক্তি পেতে ঘুষ ও অন্যান্য সুবিধা দিতে হয়। নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতে সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে। 

এতে আরও বলা হয়, ব্যবসায়ীরা মনে করেন দেশের বাণিজ্য পরিবেশে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে এবং প্রবৃদ্ধির ব্যাপারে ইতিবাচক মনোভাব কমে গেছে। মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির কারণে বিনিয়োগ পরিস্থিতি দুর্বল হয়ে পড়ছে।

তবে দেশীয় বিনিয়োগকারীরা বিভিন্ন বিনিয়োগকারী দেশের নাম প্রকাশ করে বলেন, বিদেশি কোম্পানিগুলো দুর্নীতি ও ঘুষের চক্রে প্রবেশ করছে। ফলে সামগ্রিক প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস পাচ্ছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডাব্লিউইএফ) গত ২৭ সেপ্টেম্বর ষষ্ঠবারের মতে জিসিআই প্রকাশ করে। এ নিয়ে মতবিরোধ থাকার কারণে এবার প্রতিবেদন তৈরির কাঠামোয় পরিবর্তন আনা হয়। এবার এতে নমুনা সংখ্যা ২৭ শতাংশ বাড়ানো হয়।