২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে আবারও চাঙ্গা ভাব ফিরে এসেছে

বিনিয়োগকারীদের মধ্যে গত তিন দিন ধরে শেয়ার বেচার প্রবণতা থাকলেও বুধবার ঢাকার শেয়ার বাজারে আবারো চাঙ্গা ভাব ফিরে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এতে মূল ভূমিকা রেখেছে রূপালী ব্যাংক ও ডেসকো। তবে সার্বিক লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমে দাঁড়ায় ৩৮ কোটি ৬৪ লাখ টাকায়। মঙ্গলবার এই হার ছিল ৫৯ কোটি ৯১ লাখ টাকা।   

ডিএসই এর সার্বিক মূল্যসূচক ১৯ দশমিক ১৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১২৯৬ দশমিক ৪৭ পয়েন্টে। দিনের শুরুতে এই সূচক ছিলো ১২৭৭ দশমিক ৩২ পয়েন্ট।

অপরদিকে ডিএসই এর সাধারণ শেয়ারের মূল্যসূচক ১৭ দশমিক ৩৯ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৫৬৮ দশমিক ১৭ পয়েন্টে। মঙ্গলবার এই হার ছিল ১৫৫০ দশমিক ৭৮ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ এর মূল্যসূচকও বাড়ে।

বুধবার ১৪৪টি শেয়ারের মূল্য বৃদ্ধি, ৩৭টির মূল্য হ্রাস ও ১৭টির মূল্য অপরিবর্তিত ছিল।

বাজার বিশ্লেষক মঈন আল কাশেম বাজারে চাঙ্গাভাব ফিরে আসার পেছনের কারণ হিসাবে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে সম্ভাব্য সংলাপের খবরকে চিহ্নিত করেন। তিনি বলেন, আমি এর কারণ হিসাবে দেশের রাজনৈতিক পরিস্থিতির সাম্প্রতিক উন্নতিকেই চিহ্নিত করছি। কারণ, এ ধরনের তৎপরতা দেশে শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিকা রাখবে।

লেনদেনের শীর্ষে থাকা ডেসকোর পাঁচ কোটি ৩০ লাখ টাকা মূল্যের ১৩৪,৩০০টি শেয়ার লেনদেন হয়। এর শেয়ারের মূল্য সাড়ে ২৭ টাকা বা ৭ দশমিক ২০ শতাংশ বেড়ে ৪০৯ টাকা ২৫ পয়সায় দাঁড়ায়।

অন্যদিকে মঙ্গলবার রূপালী ব্যাংকের শেয়ারের মূল্য হ্রাস পেলেও বুধবার ৯২ টাকা বা ৬ শতাংশ বেড়ে ১৫৩৪ টাকায় দাঁড়ায়। ব্যাংকটির মোট তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের ২৩,৩৭০টি শেয়ার লেনদেন হয়।

বাজার বিশ্লেষক ইয়াওয়ার সাঈদ বলেন, ক্ষুদ্র ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাজারে চাঙ্গা ভাব ফিরিয়ে আনতে সাহায্য করেছে।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড বুধবার তাদের লটারির সম্পন্ন করার ফলে বাজারে টাকার যোগান বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে সামিট পাওয়ার, এবি ব্যাংক, বেক্সটেক্স, পূবালী ব্যাংক, লাফার্জ সুরমা, সিটি ব্যাংক ও হেইডেলবার্গ সিমেন্টের শেয়ারের মূল্য বেড়েছে। তবে এক্সিম ব্যাংকের শেয়ারের মূল্য কমেছে।

অপরদিকে ডিএসই-২০ শেয়ার লেনদেনে শুধুমাত্র ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক ছাড়া সব কোম্পানির শেয়ারের মূল্য বেড়েছে।