এই সরকারের আমলেই ভর্তুকি চায় বিমান সংগ্রাম পরিষদ
বিমানকে আর্থিকভাবে সচ্ছল করতে সংস্থার কর্মকর্তা--কর্মচারিদের সংগঠনের জোট সম্মিলিত সংগ্রাম পরিষদ এই সরকারের আমলেই জরুরিভিত্তিতে আরও ৫৫০ কোটি টাকা ভর্তুকি চেয়েছে।
অন্যথায় তারা সরকারকে আবারও হুমকি দিয়ে বলেছে, সর্বাত্মœক আন্দোলনের অংশ হিসাবে পর্যায়ক্রমে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখাসহ দেশের বিমান বন্দরগুলোকে অচল করে দেওয়া হবে।
সংগ্রাম পরিষদের নেতারা বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এক বৈঠকে লিখিতভাবে এসব দাবি জানান।
সংগ্রাম পরিষদের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন এস এম হেলাল।
বৈঠক শেষে সংগ্রাম পরিষদ নেতা ও বাপার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাহবুবুর রহমান বিডিনিউজ২৪ডটকমকে জানান, বিমানকে সচ্ছল করতে প্রয়োজন প্রায় এক হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় বিমানকে মাত্র ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে যা মোটেও যথেষ্ট নয়।
তিনি বলেন, ‘প্রতিমন্ত্রীকে আমরা বলেছি তিনি যেন এই সরকারের মেয়াদ থাকতেই জরুরিভিত্তিতে বিমানে আরও ৫৫০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করেন। অন্যথায় আমরা সর্বাত্মক আন্দোলনে যেতে বাধ্য হব।’
ক্যাপ্টেন মাহবুব জানান, এর আগে তারা বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মোমেনের সাথে সাক্ষাত করে এসব দাবি উত্থাপন করেছেন। এছাড়া টেলেক্স বার্তা দিয়েও বিমান কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, বিমান প্রতিমন্ত্রী মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে জানান, এখন বিমানের ৫৬টি রুটের মধ্যে ৪৮টি রুটই অলাভজনক হয়ে পড়েছে। তিনি আরও জানান, গত অর্থবছরে (২০০৫--০৬) ৪৮টি অলাভজনক রুটে বিমান প্রায় ৫০৬ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকা লোকসান দিয়েছে।
সংগ্রাম পরিষদ নেতাদের মতে শুধু লোকসান নয়, দুর্নীতি, অপচয় ও মাথাভারি প্রশাসনের কারণে বিমানে এখন নগদ টাকার চরম সঙ্কট চলছে।
