২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ান ইপিজেডের লাইসেন্স দিল সরকার

বাংলাদেশ সরকার কোরিয়ার ইয়াংওয়ান কোম্পানিকে চট্টগ্রামে তাদের নিজস্ব রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কেইপিজেড স্থাপনের চূড়ান্ত অনুমতি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপন সংক্রান্ত কমিটির বৈঠকে ইয়াংওয়ানকে এই ছাড়পত্র দেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ওই বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ওই কমিটির প্রধান।

এক হাজার কোটিরও বেশি মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য কেইপিজেড হবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা। সেখানে প্রায় ৫০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মিত হবে।   

নাম প্রকাশে অনিচ্ছুক কেইপিজেডের এক কর্মকর্তা বিডিনিউজ২৪ডটকমকে জানান, ‘কিছু দিনের মধ্যেই সেখানে ১০০টি ব্যবসায়িক ইউনিট নির্মিত হবে।’

এর মধ্যে থাকবে তৈরি পোশাক শিল্প, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, অপটিক্যাল ও মেশিন টুলস, অটোমোটিভ পার্টস ও অন্যান্য পণ্য। 

ইয়াংওয়ান কোম্পানির এক সূত্র জানান, কেইপিজেড স্থাপনের জন্য তারা ১৯৯৯ সালে ৬৪ কোটি টাকায় বাংলাদেশ সরকারের কাছ থেকে কর্ণফুলি নদীর ধারে ২,৪৯২ একর জমি কেনেন এবং সেখানে সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেন।