২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়ামে অগ্নিকান্ড: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন, আপডেট

চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পাম্প হাউজে সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃপক্ষ মঙ্গলবার এই তদন্ত কমিটি গঠন করেছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের উপ - মহাব্যবস্থাপক (অপারেশন) কুদরত--ই--এলাহীকে প্রধান এবং অপর তিন সহকারী--মহাব্যবস্থাপককে সদস্য করে গঠিত এই তদন্ত কমিটিকে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পাম্প হাউজ মঙ্গলবার বন্ধ থাকলেও বিকল্প একটি পাম্প হাউজের মাধ্যমে তেল সরবরাহ সচল রাখা হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।

অপরদিকে দুর্ঘটনার পর বিভিন্ন তেল কোম্পানি কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ডিপো এবং নোঙ্গর করে থাকা তেল বোঝাই জাহাজগুলোতে অঘোষিত রেড এলার্ট জারি করেছে।

সূত্র জানায়, চট্টগ্রাম মেঘনা পেট্রোলিয়ামের পাম্প হাউজে সোমবার রাত ১১ টা ৩৮ মিনিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কিন্তু অগ্নিনির্বাপক দলের সদস্যদের প্রাণপণ প্রচেষ্টায় দুর্ঘটনার মাত্র ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় সৌভাগ্যক্রমে দেশের অন্যতম প্রধান কয়েকটি তেল স্থাপনা রক্ষা পায়।

বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে রাত প্রায় পৌণে ১২ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে এলাকার লোকজনের মধ্যে তীব্র আতংক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলের পাশেই অপর দুই রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যমুনা ও পদ্মার প্রধান তেল স্থাপনা এবং দেশের একমাত্র তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারী’ অবস্থিত।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মেঘনা পেট্রোলিয়ামের নিজস্ব দমকল বাহিনী ছাড়াও চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানের ১১টি অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে রাত ১২ টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস বিভাগ নিশ্চিত করেছে। তবে অগ্নিকান্ডের ঘটনা তদন্তের আগে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব নয় বলে মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে দুর্ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে।