মূল্য সংশোধনের কারণে শেয়ার বাজারে ব্যাপক দরপতন
মূল্য সংশোধনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রমজানের প্রথম দিনে লেনদেনের শুরুতেই গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি দরপতন ঘটেছে।
গত দুই সপ্তাহে বাজারের সামগ্রিক লেনদেনের পরিমাণ যেখানে প্রতিদিন ৪০ কোটি টাকার উপরে ছিলো তা সোমবার ৩৫ কোটি ৮৫ লাখ টাকায় নেমে আসে, যা সর্বশেষ কর্মদিবসের অর্ধেক।
সূত্র জানায়, ডিএসই এর সামগ্রিক শেয়ারের মূল্য সূচক সোমবার ১৯ দশমিক ৫৩ পয়েন্ট বা ১ দশমিক ৪৬ শতাংশ হ্রাস পেয়ে ১৩১১ দশমিক ৬০ পয়েন্টে নেমে আসে। অথচ লেনদেনের শুরুতে তা ছিলো ১৩৩১ দশমিক ১৩ পয়েন্ট।
এদিকে ডিএসই এর সাধারণ শেয়ারের মূল্য সূচক ১৯ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ হ্রাস পেয়ে রোববারের ১৫৯৬ দশমিক ৩৩ পয়েন্ট থেকে ১৫৭৬ দশমিক ৪০ পয়েন্টে নেসে আসে।
ডিএসই এর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান বলেন, এটা অস্বাভাবিক নয়। মূল্য সংশোধনের কারণে বাজারের পতন ঘটেছে। মূল্য সংশোধন বাজারকে ভালো রাখে বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে ডিএসই এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহউদ্দিন আহমেদ খান বিডিনিউজকে বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। লেনদেনে অল্প কয়েকজন বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এটা রমজানের প্রতিক্রিয়া হতে পারে।
ডিএসই সূত্র জানায়, বাজারে সোমবার লেনদেনের শীর্ষে ছিলো ডেসকো, সামিট পাওয়ার, বেক্সটেক্স ও পূবালী ব্যাংক।
ডেসকোর শেয়ারের মূল্য রোববার ৩৭০ টাকা থেকে ২ দশমিক ৫ টাকা বেড়েছে। অপরদিকে সামিট পাওয়ারের শেয়ারের মূল্য ১৭ টাকা হ্রাস পেয়ে ৫৪৩ টাকায় দাঁড়িয়েছে। বেক্সটেক্সের শেয়ারের মূল্য রোববার ২৬ দশমিক ৮ টাকা থেকে ১ দশমিক ৪০ টাকা হ্রাস পেয়েছে।
এ ছাড়া দুই লক্ষাধিক শেয়ার বিক্রির কারণে রোববার লেনদেনের পরিমাণ ১১ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পাওয়া বেসরকারি আইএফআইসি ব্যাংকের লেনদেনের পরিমাণ সোমবার ৫ দশমিক ২৬ শতাংশ হ্রাস পায়। আইএফআইসি ব্যাংকের শেয়ারের মূল্য রোববার ১৩৯৩ টাকা থেকে ১৩২০ টাকায় হ্রাস পায়।
লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানীগুলোর মধ্যে সিটি ব্যাংক, লাফার্জ--সুরমা সিমেন্ট, রুপালী ব্যাংক, এবি ব্যাংক এবং হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানীর শেয়ারের মূল্যও কমেছে।
অন্যদিকে ডিএসই--২০ ব্লু--চীপ শেয়ারের মূল্য সূচকেও শুধুমাত্র মুন্নু সিরামিক, বাটা সু এবং বিওসি ছাড়া অন্য সকল কোম্পানীর শেয়ারের মূল্য কমেছে।
এদিকে সোমবার শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়ে,ে এমন শীর্ষ তিনটি কোম্পানী হলো বাংলাদেশ লাগেজ, ডেল্টা লাইফ ও ন্যাশনাল লাইফ। অপরদিকে সবচেয়ে বেশি দরপতন ঘটেছে মেঘনা পেট, মেঘনা কনডেন্সড ও রাসপিট কোম্পানীর।
