২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের পতন সত্ত্বেও ঢাকায় শেয়ার লেনদেন ৬৯ শতাংশ বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সূচকের পতন সত্ত্বেও সামগ্রিক লেনদেনের পরিমাণ ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

গত সপ্তাহের সর্বশেষ কর্মদিবস গত বুধবার ৪৩ দশমিক ৪৪ কোটি টাকার চেয়ে রোববার সামগ্রিক লেনদেনের পরিমাণ বেড়ে ৭৩ দশমিক ৬২ কোটি টাকায় দাঁড়ায়।

ডিএসই এর প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান বলেন, ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানীগুলো সামগ্রিক লেনদেনের ক্ষেত্রে ভালো করছে।

তিনি বলেন, বাজারের গতি প্রকৃতি ইতিবাচক।

লেনদেনের শীর্ষ চারটি স্থানে ছিলো যথাক্রমে লাফার্জ - সুরমা সিমেন্ট, বেক্সটেক্স, সামিট পাওয়ার ও ডেসকো। আর এর পরের স্থানেই ছিলো আইএফআইসি, ইউসিবিএল ও সিটি ব্যাংক।

২২ সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরু করা হবে বলে ঘোষণা দেওয়ার পর লাফার্জ - সুরমা সিমেন্ট কোম্পানির শেয়ারের মূল্য বেড়েছে।

লাফার্জ--সুরমার লেনদেনের পরিমাণ ৫ কোটি ৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। শেয়ার বিক্রি হয়েছে ১ লাখ ১৯ হাজার ৫০০ টি। তাদের শেয়ারের মূল্য রোববার ১ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৬৪ দশমিক ২৫ টাকায় দাঁড়িয়েছে। গত বুধবার এই শেয়ার বিক্রি হয়েছিল ৪৫৫.৭৫ টাকা দরে।

অপরদিকে বেক্সটেক্স, সামিট পাওয়ার ও ডেসকোর শেয়ারের মূল্য হ্রাস পেয়েছে। এছাড়া পঞ্চম স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ারের মূল্য ১১ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ১২৩৯ দশমিক ৭৫ টাকা থেকে ১৩৮৬ টাকায় দাঁড়িয়েছে। লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৩ লাখ টাকা।

ডিএসই এর সামগ্রিক শেয়ার মূল্য সূচক ৭ দশমিক ১২ পয়েন্ট বা ০ দশমিক ৫৩ ভাগ হ্রাস পেয়েছে। কিন্তু কর্মদিবসের শুরুতে এই সূচক ১১ দশমিক ৩৭ পয়েন্ট বা ০ দশমিক ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিলো।

এছাড়া ডিএসই এর সাধারণ শেয়ারের মূল্যসূচক রোববার কর্মদিবসের শুরুতে সামান্য বাড়লেও শেষ পর্যন্ত তা ৯ দশমিক ০৪ পয়েন্ট বা ০ দশমিক ৫৬ শতাংশ  হ্রাস পেয়ে ১৫৯৬ এ দাঁড়ায়।

সামগ্রিক লেনদেনের শীর্ষে থাকা অপর প্রতিষ্ঠানগুলো হলো পূবালী ব্যাংক, এবি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক।

এদিকে ব্লু -চিপ ডিএসই - ২০ শেয়ারের মূল্যসূচক ৯ দশমিক ৯১ পয়েন্ট বা ০ দশমিক ৭১ শতাংশ হ্রাস পেয়ে ১৩৭১ দশমিক ৭৯-তে দাঁড়িয়েছে।