বাণিজ্যিক ব্যাংকের মুনাফার উপর আরো ১০ শতাংশ কর বৃদ্ধি করা উচিত: সাইফুর
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান রোববার বলেছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর উচিত তাদের মুনাফার উপর আরো ১০ শতাংশ বেশি কর দেওয়া। বর্তমানে ব্যাংকগুলো মূনাফার উপর ৪৫ শতাংশ কর দিচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ক্ষমতার শেষ বছর বলে তিনি চলতি অর্থবছরে এই অতিরিক্ত কর আরোপ করেননি। কিন্তু যেই ক্ষমতায় আসুক না কেন পরবর্তী অর্থবছর থেকেই এটা বাস্তবায়ন করা উচিত।
রাজধানীতে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনকে বেসরকারি ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ৯ কোটি ৩৬ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী সাইফুর রহমান এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ এবং ডিবিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আলী বক্তব্য রাখেন।
সাইফুর রহমান ব্যাংকগুলোর অত্যধিক মুনাফার নীতি গ্রহণের সমালোচনা করেন।
তিনি বলেন, যখন গ্রাহকরা তাদের টাকা জমা রাখে, তখন ব্যাংকগুলো মাত্র ৮--১০ শতাংশ সুদ দেয়। কিন্তু গ্রাহকরা যখন অর্থ ধার নেয়, তখন তাদেরকে ১৫--১৬ শতাংশ সুদ দিতে হয়।
ব্যাংকগুলো কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা অনুসরণ করছে না বলেও তিনি অভিযোগ করেন।
তিনি ডাচ বাংলা ব্যাংকের কর্মসূচির প্রশংসা করেন এবং অন্য ব্যাংকগুলোর প্রতি একই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ব্যাংক এবং কর্পোরেট হাউজগুলোর প্রতি তাদের সেবা ব্যবস্থাকে আধুনিক করে তোলার আহ্বান জানান।
ডাচ বাংলা ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ইয়াসিন আলী তার বক্তব্যে বলেন, দেশের প্রায় ২০টি বিদ্যালয়কে গবেষণাগার (ল্যাব) উন্নয়নের জন্য সহায়তা দেয়া হবে। বাড়ানো হবে কৌশলগত সহায়তাও।
পরে সাইফুর রহমান বাংলাদেশ ডায়াবেটিক অ্যাাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক একে আজাদ খানের কাছে ডাচ বাংলা ব্যাংকের অনুদানের চেক হস্তান্তর করেন।
