২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো দাতাদের কঠোর সমালোচনা করলেন সাইফুর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার আবারো উন্নয়ন সহযোগীদের (দাতা) কঠোর সমালোচনা করে বলেছেন, তারা তাদের মূল লক্ষ্য দারিদ্র বিমোচনের পরিবর্তে অভ্যন্তরীণ বিষয়ে বেশি করে হস্তক্ষেপ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত এইনার এইচ জেনসেনের সাথে এক বৈঠকের পর সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের (দাতাদের) হস্তক্ষেপে আমরা হতাশ।

সাইফুর বলেন, আমরা এটা পছন্দ করি না। এর আগেও আমরা এ বিষয়ে মনোযোগ আকর্ষণ করেছি।

মন্ত্রী বাংলাদেশের কৃষি উন্নয়নে আরো বেশি অর্থ দেওয়ার জন্য ডেনিশ রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দাতারা আমাদের সামান্য সহায়তা দিয়ে থাকে। কিন্তু অনেক বিষয়ে অত্যাধিক কথা বলে থাকে। দাতারা প্রকল্পগুলোর জন্য সহায়তা দিলেও সেগুলোর মালিক কিন্তু সরকার।

মন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, দাতাদের অর্থায়নসহ সব ধরনের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব শুধু মাত্র সরকারের।

উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য সাইফুর রহমান এর আগেও বেশ কয়েকবার দাতাদের কঠোর সমালোচনা করেছেন।

এ ছাড়া সৌদি প্রিন্সের কাছে রুপালী ব্যাংকের হস্তান্তর প্রক্রিয়ায় একটি স্বার্থান্বেষী মহলের অযাচিত প্রভাব খাটানোর অভিযোগ সম্পর্কে সাইফুর রহমান বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।