২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের জন্য বিদেশী বরাদ্দ মিলছে না (বিস্তারিত)

বৈদেশিক অর্থায়নের অভাবে প্রধানমন্ত্রীর তিনটি অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্পগুলোর মধ্যে দুটিই বিদ্যুৎ খাতে। প্রায় চার বছর ধরে চেষ্টা চালানো সত্ত্বেও প্রকল্পগুলোর ব্যাপারে বৈদেশিক সহায়তাকারীদের আগ্রহী করে তোলা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক অর্থায়নের ব্যবস্থা করতে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার চেষ্টা চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এ ব্যাপারে বলা হয়েছে, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাপান সরকারসহ বিদেশী প্রকল্প সহায়তাকারীদের কাছ থেকে বারবার চেষ্টা চালানো হলেও এ ব্যাপারে কোনও সাড়া পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলো হচ্ছে, ভেড়ামারা ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ভোলা ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং শহীদ জাহাঙ্গীর গেট থেকে বেগম রোকেয়া সরণি পর্যন্ত পাতাল সড়ক (টানেল) নির্মাণ প্রকল্প।

ইআরডির সেপ্টেম্বর মাসের প্রতিবেদনে বলা হয়, ভেড়ামারা ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে অর্থায়নের জন্য ২০০৪ সালের ডিসেম্বরে জাপান সরকারকে অনুরোধ করা হয়। চলতি বছরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এ ব্যাপারে জাপান সরকারের কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

এতে আরও বলা হয়, বিশ্বব্যাংক থেকে প্রাপ্ত ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত লেন্ডিং প্রোগ্রামে এ প্রকল্পটি অন্তর্ভুক্ত নয়। বিশ্বব্যাংক সাধারণত লেন্ডিং প্রোগ্রাম বহির্ভূত কোনও প্রকল্পে অর্থায়ন না করায় এ প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা পাওয়ার কোনও সম্ভবনা নেই।

২০১০ সাল পর্যন্ত সরকারের বাস্তবায়নাধীন বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে ভোলা ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে। এ প্রকল্পটিও মধ্যপ্রাচ্য এবং স্ক্যান্ডিনেভীয় অঞ্চলে প্রচেষ্টা চালিয়ে অর্থায়নের কোনও ব্যবস্থা করতে পারেনি।

ইআরডির সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে এ প্রকল্পের অর্থায়নের ব্যাপারে বলা হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে ২০০৩ সালের মে মাসে (এডিবি) কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের ব্যাপারে অনুরোধ জানায়। এখন পর্যন্ত এডিবির কাছ এ ব্যাপারে বস্তুনিষ্ঠ সাড়া পাওয়া যায়নি। বিশ্বব্যাংক, জাপান সরকার, ইউএনডিপি, রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া এবং নরওয়েও এ প্রকল্পে অর্থায়নের ব্যাপারে কিছু জানায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) তাদের টিএ গ্র্যান্ট কর্মসূচির আওতায় বিস্তারিত সম্ভাব্যতা জরিপ চালানোর ব্যাপারে এ বছরের মার্চে সম্মতি জানায়। কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখনও এ বিষয়ে তাদের মতামত জানায়নি।

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে গত মাসে শহীদ জাহাঙ্গীর গেট থেকে বেগম রোকেয়া সরণি পর্যন্ত পাতাল সড়ক (টানেল) নির্মাণ প্রকল্পের জন্য বিদেশী অর্থায়নের ব্যাপারে ইআরডি বিভাগকে অনুরোধ জানানো হয়। সে অনুযায়ী ইআরডি বিভাগ গত ২৪ আগস্টে সকল অনুবিভাগকে এ ব্যাপারে চেষ্টা চালানোর অনুরোধ জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইআরডি বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ২৪ডটকমকে বলেন, ১২ সেপ্টেম্বর পর্যন্ত এ ব্যাপারে কোনও সাড়া পাওয়া যায়নি।