কেনাকাটায় শৃঙ্খলা আনতে সরবরাহ ঋণ নীতিমালা সংশোধন করা হচ্ছে
সরবরাহ ঋণ প্রক্রিয়াকরণে স্বচ্ছতা এবং ক্রয়ে আর্থিক শৃঙ্খলা আনতে বর্তমান পদ্ধতি ও নীতিমালা সংশোধন করা হয়েছে। সরবরাহ ঋণ প্রক্রিয়াকরণ এবং ব্যবহারের ক্ষেত্রে ‘সরকারী ক্রয় নীতিমালা’ ২০০৩(পিপিআর)এর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে বলে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রণীত নতুন নীতিমালায় জানানো হয়েছে।
নতুন নীতিমালা প্রণয়নে কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক ইআরডির এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, এই নীতিমালার ফলে উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ না করা এবং অযাচিত সরবরাহ ঋণের প্রস্তাব বিবেচনা এবং তা নেওয়াটা কঠিন হবে।
সরকার প্রধানের কাছে এ ধরনের ঋণ প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করার আগে আইন মন্ত্রনালয়ের ভেটিং নেওয়ার কথা এবারই প্রথম নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
এ মাসের ৭ তারিখে ইস্যুকৃত এক পরিপত্রে ইআরডি জানায়, পিপিআর-২০০৩ এর বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য ইতোপূর্বে জারিকৃত সরবরাহ ঋণ প্রক্রিয়াকরণ নীতিমালা সংশোধন জরুরী হয়ে পড়েছিলো।
উচ্চ সুদের সরবরাহ ঋণ না কমালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) সরকারকে সহজ শর্তে ঋণ না দেওয়ার কথা বহুদিন ধরে চাপ দিয়ে আসছিলো। এ ঋণের আওতায় সরবরাহকৃত জিনিসের উচ্চমূল্য ধরা হয় বলে আইএমএফ বলছিলো।
ইআরডির তথ্যমতে ২০০৪ অর্থবছর পর্যন্ত গত তিন বছরে বাংলাদেশ ৫৩৮.৮৮ মিলিয়ন মার্কিন ডলার সরবরাহ ঋণ নিয়েছে। ১৯৯৭ -২০০১ সাল পর্যন্ত পাঁচ বছরে এ ঋণের পরিমাণ ছিলো ২১২.১৫ মিলিয়ন মার্কিন ডলার।
সহজ শর্তে ঋণের ক্ষেত্রে যেখানে সুদের হার এক শতাংশ বা এর কম সরবরাহকৃত ঋণের ক্ষেত্রে এ পরিমান ৩.৫ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। সরবরাহ ঋণ পরিশোধের ক্ষেত্রে সময়সীমা সর্বোচ্চ ১২ বছর হয়ে থাকে। যেখানে অন্যান্য ঋণ পরিশোধের সময়সীমা ৫০ বছর পর্যন্ত হয়ে থাকে।
নতুন প্রনীত এই নীতিমালার আওতায় পরিকল্পনা কমিশন, ইআরডি, অর্থ এবং আইন মন্ত্রনালয় এবং মন্ত্রীসভা কমিটির পূর্বানুমতি ছাড়া এ ধরণের ঋণ নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ইআরডির এক কর্মকর্তা বিডিনিউজকে জানান।
