বিজিএমইএর জরুরী সভায় নূন্যতম মজুরী প্রত্যাখান
বাংলাদেশ তৈরী পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) রোববার শ্রমিকদের জন্য মজুরী বোর্ডের সুপারিশ করা নূন্যতম মজুরী প্রত্যাখান করেছে।
বিজিএমইএ মিলনায়তনে সংগঠনের সভাপতি এসএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় সরকার গঠিত মজুরী বোর্ডের সুপারিশ করা নূন্যতম মজুরী প্রত্যাখানসহ কয়েকটি সিধান্ত নেওয়া হয়।
বিজিএমইএর প্রথম সহ--সভাপতি মঈনউদ্দিন আহমেদ, দ্বিতীয় সহ--সভাপতি মোঃ লুৎফর রহমান মতিন এবং সহ--সভাপতি (অর্থ) মোঃ সিরাজুল ইসলাম লিটনসহ বিজিএমইএ পরিচালক ও সাধারণ সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে নেয়া সিধান্তের মধ্যে রয়েছে মজুরী বোর্ডের সুপারিশ করা নূন্যতম মজুরী সম্পূর্ণ প্রত্যাখান, সুপারিশ অবিলম্বে বোর্ডে ফেরত পাঠানো ও মালিক পক্ষের সাথে একমত হয়ে নূন্যতম গ্রহণযোগ্য মজুরী নির্ধারণ।
এছাড়া বৈঠকে বিজিএমইএ নেতৃবৃন্দকে প্রয়োজনে কারখানা বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিধান্ত নেওয়ারও ক্ষমতা দেওয়া হয়।
