২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ শর্তে ঋণের দাবি জানিয়ে শেষ হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মেলা

সহজ শর্তে ঋণ সুবিধা পাওয়ার ব্যাপারে উদ্যোক্তাদের দাবির মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর সভাপতি মীর নাসির হোসেন বলেন, ‘ঋণের অভাব ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের জন্য প্রধান বাধা হয়ে আছে।

মীর নাসির হোসেন এ খাতের বিকাশে অন্যান্য অন্তরায়ের মধ্যে দুর্বল পরিবহন ব্যবস্থা, দক্ষ শ্রমিকের অভাব, সেকেলে প্রযুক্তি এবং কাঁচা মালের সংকটের কথা উল্লেখ করেন। দেশে বর্তমানে প্রায় ৬০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) রয়েছে বলেও তিনি জানান।

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার মেলার সমাপ্তি অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি সাতটি ক্যাটাগরিতে এফবিসিসিআই স্ট্যান্টার্ড চার্টার্ড এসএমই অ্যাওয়ার্ড ২০০৫ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

তিনি বলেন, এ ধরনের মেলা দেশে আরও অধিক চাকরির সুযোগ সৃষ্টি করবে। তবে আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য গুণগতমান নিশ্চিত করতে হবে।

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সফল শিল্প উদ্যোক্তা এবং ভাস্কর নিতুন কুণ্ডুকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। নিতুন কুণ্ডু শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থ সহযোগিতায় এফবিসিসিআই এ পুরস্কার প্রদান করে।

দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক সংস্থা এফবিসিসিআই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তৃতীয়বারের মতো বাৎসরিক এ মেলার আয়োজন করে।

মেলায় নয়টি প্যাভিলিয়নে ১১১ টি স্টলে মোট ১০০ টি ক্ষুদ্র ও মাঝারি পণ্য স্থান পায়।

এফবিসিসিআই সভাপতি বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণ প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোককে উৎসাহিত করার জন্য সমন্বিত প্রক্রিয়া প্রস্তুত করতে সরকারকে পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিতে হবে বলে তিনি জানান।

উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়ার লক্ষ্যে ক্ষুদ্রঋণ ব্যবস্থা আরও সংহত করতে তিনি এসএমই টাস্কফোর্স গঠনে আরও বি¯তৃত কার্যক্রম হাতে নেওয়ার ওপর জোর দেন।