রাজনৈতিক অস্থিরতা শেয়ার মার্কেটেও
দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব এসে পড়েছে শেয়ার বাজারেও। রাজধানীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মহাসমাবেশকে সামনে রেখে রোববার শেয়ার সূচকে নিুগতি লক্ষ্য করা গেছে।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, মূল বিনিয়োগকারীদের খুব একটা স্পর্শ করতে পারেনি রাজনৈতিক এই অস্থিরতা। তারা তাদের শেয়ার ঠিকই কিনেছেন, শেয়ার সূচককে কিছুটা হলেও ধরে রাখতে সক্ষম হয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই্) সাধারণ সূচক বৃহস্পতিবার ছিল ১ হাজার ৬০৯ দশমিক ৩০। রোববার তা ১০ দশমিক ১০ পয়েন্ট অধবা দশমিক ৬২ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৫৯৯ দশমিক ২০।
দিনের শুরুতে ডিএসই সকল শেয়ার মূল্য সূচক (ডিএসআই) ছিল ১ হাজার ৩৪০ দশমিক ৯৮। পরে তা ১২ দশমিক ১৪ পয়েন্ট অথবা দশমিক ৯০ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৩২৮ দশমিক ৮৪।
ব্লু চিপ সূচক বা ডিএসই - ২০ এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। এর মূল্য সূচক ১২ দশমিক ৬৮ পয়েন্ট অথবা দশমিক ৯১ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৩৭১ দশমিক ৩৫।
এসএআর সিকিউরিটিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান বলেন, ‘বিরোধী দলের সমাবেশের কর্মসূচি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিছুটা ভাবিয়ে তুলেছে। এ অবস্থায় তারা অনেকেই শেয়ার বিক্রি করে দিয়েছেন।’ তবে এই অবস্থা বেশীদিন চলবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীরা এরই মধ্যে এসব ঘটনার সঙ্গে কমবেশী পরিচিত হয়ে উঠেছেন। ’
লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এর এক বিনিয়োগকারী বলেছেন, ‘ বিরোধী জোট যেহেতু সোমবারের মহাসমাবেশে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে, কাজেই আমরা এ মূহুর্তে বলতে পারছি না আগামীকালের পর দেশে প্রকৃতই কি ঘটতে যাচ্ছে।’
প্রসঙ্গত তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে বিরোধী জোট আগামীকালের মহাসমবেশে আরও কঠোর কর্মসূচি দেবে বলে অনেকদিন ধরেই বলে আসছে।
রোববার শেয়ার বাজারে সবচেয়ে বেশী লেনদেন হয়েছে পূবালী ব্যাংকের। এরপরেই রয়েছে সামিট পাওয়ার, ডেসকো, সিটি ব্যাংক ও ইন্টার্ন কেবলস। মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৩ কোটি ৫৩ লাখ টাকা।
শীর্ষ দশ লেনদেনকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ইস্টার্ন কেবলস, ইউনাইটেড কমার্শিয়াল ভ্যাংক লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট এবং হেইডেলবার্গ সিমেন্ট। এ ছাড়া অন্য সবগুলোরই দরপতন ঘটে।
দিনের শুরুতে ইস্টার্ন কেবলসের মূল্য ছিল ২৯৬ টাকা। সরকার এর ৫১ শতাংশ শেয়ার বাজার থেকে তুলে নিচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়ার পর এর মূল্য ১১ দশমিক ১৪ শতাংশ বেড়ে যায়।
লেনদেনের দিক দিয়ে শীর্ষ স্থান অর্জনকারী পূবালী ব্যাংকের দিনের শুরুতে শেয়ারের মূল্য ছিল ৯৫৭ টাকা। কিন্তু পরে তা ৪ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়ায় ৯১৩ টাকা ৫০ পয়সা। পূবালী ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ৩৭ দশমিক ৬৮ মিলিয়ন।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) এর শেয়ারের মূল্য ছিল সবচেয়ে কম। এরপরেই ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অবস্থান। এনবিএল এর শেয়ার মূল্য ২৩ শতাংশ কমে দাঁড়ায় ৮২৬ টাকা। বৃহস্পতিবার এর মূল্য ছিল ৮৪৯ টাকা।
উত্তরা ফিনান্স এদিক দিয়ে ভাল অবস্থানে ছিল। আগের দিনের তুলনায় এর মূল্য ৭ টাকা ৭৫ পয়সা বৃদ্ধি পায়।
