ডব্লিউটিও ও বাংলাদেশের বাণিজ্য নীতি বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ শুরু
বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক বাণিজ্য, ইউরোপীয় বাণিজ্য নীতি ও বাংলাদেশের প্রেক্ষাপটসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অধিকতর তথ্য সমৃদ্ধ করার উদ্দেশ্য নিয়ে সাভারের সিসিডিপি--হোপ সেন্টারে শনিবার থেকে সাংবাদিকদের জন্য দুই সপ্তাহব্যাপী অগ্রসর প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
‘ডেলিগেশন অব দি ইউরোপীয়ান কমিশন’ এর আর্থিক সহায়তায় পরিচালিত ‘ওপেন ফ্লো অব ইনফো অন ট্রেড অ্যান্ড ইকোনমি’ (ওফাইট) নামে প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ (এমআরডিআই) এই প্রশিক্ষণের আয়োজন করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ওই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে। সিপিডি’র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রকল্পের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় সংবাদপত্র, স্যাটেলাইট চ্যানেল এবং বিভিন্ন সংবাদ সংস্থার ২৪ জন বাণিজ্য ও অর্থনৈতিক প্রতিবেদক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণে অংশ নেওয়া সকলেই সংশ্লিষ্ট বিষয়ে জুলাই মাসে আয়োজিত একটি বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করেছেন।
দই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে এমএফএ পরবর্তী বিশ্ব বাজারে প্রবেশাধিকার, ইইউ--বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক, সরাসরি বৈদেশিক বিনিয়োগ, জিএসপি, ট্রিপস, নামা, গ্যাটস, বিশেষ বাণিজ্য সুবিধা, বাণিজ্য বাধা, বিরোধ মিমাংসা, আঞ্চলক বাণিজ্য (আরটিএ), পরিবেশ ও সামাজিক ইস্যু, করপোরেট হাউসগুলোর সামাজিক দায়বদ্ধতা এবং শ্রম ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হবে।
এতে বিদেশী প্রশিক্ষকদের মধ্যে ডব্লিউটিও জেনেভা সদর দপ্তরের তথ্য ও গণমাধ্যম সম্পর্ক বিভাগের তথ্য কর্মকর্তা পিটার উংফাকর্ণ ও লুই ভি. ওপলে এবং ইনটারন্যাশনাল ইন্সস্টিটিউট ফর জার্নালিজমের (আইআইজে) প্রশিক্ষক এলক পিকার্জ উপস্থিত থাকবেন।
