২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৯৬.১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো ও স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে ৯৬.১ মার্কিন ডলার ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 03:55 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর হুয়া দু এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ আজ রোববার এ সংক্রান্ত এক চুক্তিপত্রে সাক্ষর করেন।

 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএফআইডি-এর জেন এ ক্রাউডার, ঢাকাস্থ জার্মান দূতাবাসের জর্জ রেডমাচের ও জিটিজেড-এর রেইনার কুনলে।

শেরে বাংলা নগরের ইআরডিতে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর হুয়া দু বলেন, গ্রামে চলাচলের উপযোগী পর্যাপ্ত যানবাহন সরবরাহ এবং গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নই বাংলাদেশের দারিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম উপায়। পরিবহন এবং অবকাঠামোগত উন্নয়ন গ্রামাঞ্চলের লোকদের কেনাকাটা, লেনদেনসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে আগ্রহী করে তুলবে। আর গ্রামীণ জনপদের উন্নয়নের মাধ্যমেই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলে তিনি মনে করেন।

এডিবির এই প্রকল্পের আওতায় বাংলাদেশের ২৩ জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৯,৯২০টি রাস্তা তৈরী করা হবে।

এছাড়া এসব অঞ্চলে নির্মাণ করা হবে ৩৭০ টি বাজার। ইউনিয়ন কাউন্সিলের ১৯০টি অফিসও স্থাপন করা হবে।

বাংলাদেশের মধ্য এবং উত্তরের ২৩টি জেলা এডিবির এই প্রকল্পের আওতাভূক্ত হবে।