ইপিজেডের শ্রমিকদের ন্যুনতম মজুরি বাড়ানো হচ্ছে
১৭ বছর পর অবশেষে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) শ্রমিকদের ন্যুনতম মজুরি বাড়ানো হচ্ছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সূত্র একথা জানিয়েছে।
বেপজা ইতোমধ্যে ইপিজেডের শ্রমিক ও কর্মকর্তাদের মজুরি ও চাকুরির অন্যান্য সুবিধা সম্বলিত কাঠামো সংশোধনের লক্ষ্যে ১৯৮৯ সালের নির্দেশনা - ১ এবং নির্দেশনা - ২ এর পরিবর্তনের জন্য কমিটি গঠন করেছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান আশরাফ আবদুল্লাহ ইউসুফ বিডিনিউজ২৪.কমকে বলেন, ‘আমরা ইপিজেডের শ্রমিক ও কর্মকর্তাদের মজুরি ও অন্যান্য সুবিধা সম্বলিত নির্দেশনা-১ ও ২ সংশোধন করতে যাচ্ছি। ইপিজেডের বিনিয়োগকারীসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে নতুন ন্যুনতম মজুরি কাঠামো তৈরি করা হবে।’
তিনি বলেন, ইপিজেড কর্মকর্তা ও বিনিয়োগকারীদের প্রতিনিধিদের নিয়ে ইতোমধ্যে আটটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে মজুরিসহ চাকুরিরত শ্রমিক ও কর্মকতাদের বিভিন্ন সুযোগ - সুবিধা সম্বলিত প্রতিবেদন তৈরি করবে। এসব প্রতিবেদনের ভিত্তিতে বেপজা বিনিয়োগকরিীদের সঙ্গে আলোচনা করে সংশোধিত নির্দেশনা ১ ও ২ তৈরি করবে।
১৯৮৯ সালের নির্দেশনা - ১ অনুযায়ী বর্তমানে ইপিজেডের শ্রমিকদের ৬টি গ্রেডে ন্যুনতম মজুরি দেওয়া হয়। শিক্ষানবিশ হিসেবে নিয়োগপ্রাপ্ত সর্বনিু গ্রেডের শ্রমিকরা মাসিক ২০ ডলার করে বেতন পেয়ে থাকে। তবে গত দেড় দশকে টাকার বড় ধরনের অবমূল্যায়নের কারণে বর্তমানে সর্বনিু গ্রেডের শ্রমিকরা ১৪০০ টাকা করে বেতন পাচ্ছেন। সরকার ইতিমধ্যে ১২ বছর পর তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ১৯৯৪ সালের ন্যুনতম মজুরি পরিবর্তন করছে।
ইপিজেড কর্তৃপক্ষ ২০০৩ সালের ৩ অক্টোবর নির্দেশনা - ১ ও ২ পরিবর্তন করে সংশোধিত নির্দেশনা - ১ ও ২ প্রকাশ করে। কিন্তু ইপিজেডের বিনিয়োগকারীরা ২০০৩ সালের ২৪ ডিসেম্বর সংশোধিত নির্দেশনা -১ ও ২ অনুসারে সকল কার্যক্রমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে তা স্থগিত করে দেয়।
‘ইপিজেডের বিনিয়োগকারীরা সংশোধিত নির্দেশনা - ১ ও ২ নিয়ে তাদের আগের দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছে’ উল্লেখ করে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরাও নতুন নূন্যতম মজুরি কাঠামোর ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেছেন।
তিনি বলেন, ইপিজেডে বিভিন্ন ধরনের শিল্পে বিনিয়োগ হওয়ার কারণে এখন বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ হয়। ফলে বর্তমানে ছয় গ্রেডের শ্রমিকের কথা উল্লেখ থাকলেও এখন ১৪ ধরনের শ্রমিক কর্মরত রয়েছে। নতুন মজুরি কাঠামোতে এসব ক্ষেত্রে ব্যাপক ধরনের পরিবর্তন ঘটবে।
এদিকে বেপজার বর্তমান নির্দেশনা ১ ও ২ বিনিয়োগকারীরা মানে না বলে উল্লেখ করে আশরাফ আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম অল্পদিনে ঠিক করা সম্ভব নয়।
অবশ্য তিনি একথাও বলেন যে, জুন মাসের আগের তুলনায় এখন শ্রমিকরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অনেক বেশি পাচ্ছে। বিশেষ করে ছাটাই করা শ্রমিকদের ক্ষেত্রে এ ব্যবধান চোখে পড়ার মত।
গত জুন মাসের শেষ সপ্তাহে ঢাকা ইপিজেড শ্রমিকরা বেতনসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। পরে ইপিজেড কর্তৃপক্ষের আশ্বাসের পরিপেক্ষিতে বিক্ষোভরত শ্রমিকরা কাজে ফিরে আসে।
