২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোর মধ্যে প্রচ্ছন্ন যোগসাজশ রয়েছে: কেন্দ্রীয় ব্যাংক

দেশের ব্যাংকগুলোতে জমা ও ঋণের সুদের হারে উচ্চমাত্রার ব্যবধান, কমিশন ফি এবং উচ্চমাত্রায় মুনাফা অর্জিত হওয়ায় এদের মধ্যে এক ধরনের ‘প্রচ্ছন্ন যোগসাজশ’ আছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

তবে কেন্দ্রীয় ব্যাংকের এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে ব্যাংকাররা বলেছেন, ব্যাংকগুলোর মধ্যে কোন যোগসাজশ নেই বরং রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর সরকারের নিয়ন্ত্রণ থাকায় অসম প্রতিযোগিতার সুযোগ আছে।

সদ্যপ্রকাশিত আর্থিক খাত পর্যালোচনা বা ‘ফিনান্সিয়াল সেক্টর রিভিউ (এফএসআর) বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশ ব্য্যংক জমা, ঋণের সুদের হারের মধ্যে বিদ্যমান ব্যবধান ও ব্যাংকিং খাতে উচ্চমাত্রার মুনাফা নিয়ে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে এই মতামত উপস্থাপন করেছে।

রাষ্ট্রায়ত বাণিজ্যিক ব্যাংক (এনসিবি), বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (পিসিবি) এবং বিদেশী বাণিজ্যিক ব্যাংক (এফসিবি) এর জন্য বাজার বিভক্ত হয়ে পড়ছে বলে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, উচ্চ সুদের হার দেখেই বোঝা যায় এখানে ব্যাপক কোন প্রতিযোগিতা নেই।

এফএসআর প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং বিদেশী বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধনের উপর আয়ের পরিমাণ ছিলো যথাক্রমে শতকরা  - ৬০৫ ভাগ, ১৬ দশমিক ৫৬ ভাগ এব্ং ১৮ দশমিক ৫৯ ভাগ।

অপরদিকে একই বছরে ওই ব্যাংকগুলোর সম্পদের উপর আয়ের পরিমাণ ছিলো যথাক্রমে শতকরা ১ দশমিক ৩৬ ভাগ, ১ দশমিক ০৬ ভাগ এবং ৩ দশমিক ০৯ ভাগ।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, উচ্চ সুদ দেশের ব্যাংক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। বিদেশী বাণিজ্যিক ব্যাংকগুলোতে ২০০৬ সালে এই সুদের হারে ব্যবধান হচ্ছে শতকরা ৮ ভাগ। অপরদিকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে তা শতকরা প্রায় ৬ ভাগ।

বাংলাদেশ ব্যাংকের নীতি বিষয়ক গবেষণা শাখার একজন অর্থনৈতিক উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে উচ্চ মুনাফা ও সুদের হার বজায় থাকায় এটাই স্পষ্ট হয়ে উঠেছে যে বাজার বিভক্ত হয়ে পড়েছে। বাজারে যদি সত্যিই প্রতিযোগিতা থাকতো তাহলে উচ্চ মুনাফার এই প্রবণতা অব্যাহত থাকতে পারতো না।       

তিনি বলেন, খেলাপী ঋণের পরিমাণ না কমানো হলে বাজারে প্রতিযোগিতা ফিরিয়ে আনা কঠিন হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, বিদেশী বাণিজ্যিক ব্যাংকগুলোর সাম্প্রতিক আচরণ বাজার বিভক্ত করতে সহায়তা করছে।

এ ব্যাপারে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক খন্দকার ইব্রাহীম খালেদ বলেন, এ ধরনের বক্তব্যের সাথে আমি একমত নই। বরং ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক সম্পর্ক রয়েছে।

অপরদিকে রাষ্ট্রায়ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তাহমিলুর রহমান বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকায় অন্য ব্যাংকগুলো বেশি মুনাফা লাভের সুযোগ পাচ্ছে।

সহজ ভাষায় ব্যাংকিং খাতে অসম প্রতিযোগিতার সুযোগ রয়েছে। অন্যভাবে বলা যায় ব্যাংকিং খাতে প্রতিযোগিতা নেই। কারণ প্রতিযোগিতা থাকলে সুদের হার  হ্রাস পাওয়ার কথা, কিন্তু তা কমছে না।