২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার পাটকল শ্রমিকদের বকেয়া প্রদান শুরু

খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের বকেয়া ৪০ কোটি ৯ লাখ টাকার মধ্যে ৩১ কোটি ৫৮ লাখ টাকা পরিশোধ করতে শুরু করেছে আট রাষ্ট্রায়ত্ত পাটকল কর্তৃপক্ষ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বৃহস্পতিবার থেকে শ্রমিকরা বকেয়া টাকা নেওয়া শুরু করলেও পুরো টাকা না পাওয়া পর্যন্ত তারা কাজে যোগদান না করার সিদ্ধান্তে অটল রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় বিজেএমসির জোনাল অফিসে মিল কর্তৃপক্ষ এবং শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক শুরু হয়। বৈঠকে বিজেএমসির সমন্বয়কারী ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম জানান, আপাতত ৩১ কোটি ৫৮ লাখ টাকা দেওয়া হবে।

খুব শিগগিরই অবশিষ্ট পাওনা পরিশোধ করা হবে বলে তিনি জানান। তবে ধর্মঘটের আট দিনের টাকা শ্রমিকদের দেওয়া হবে না।

বৈঠক শেষে বেলা ২টা থেকে আটটি পাটকলের শ্রমিকদের নিজ নিজ মিল থেকে বকেয়া পাওনা টাকা দেওয়া হয়।

বৃহস্পতিবারের বৈঠকে শ্রমিক নেতাদের মধ্যে সরদার মোতাহার উদ্দিন, শাহ আলম, রওশন ইয়াজদানী, হাফিজুর রহমান ভূঁইয়া, মাস্টার শফিকুল আলম এবং অপরপক্ষে আট পাটকলের প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।