২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগে বিদ্যুৎ বিতরণ ও সংযোগ খাতে ২০০০ কোটি টাকার এডিপি অনুমোদন

নির্বাচনের আগে বিদ্যুৎ বিতরণ ও পল্লী গ্রাহকদের সংযোগ প্রদানের জন্য ২০০০ কোটি টাকাসহ ২৭৪৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ১৬টি বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 04:42 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান বিতরণ ব্যবস্থায় ১০ লাখ নতুন গ্রাহক সংযোগ বৃদ্ধি প্রকল্পে সম্পূর্ণ দেশী অর্থায়নে ৩৩৫ কোটি টাকা এবং শহর অঞ্চলের জন্য প্লানিং অ্যান্ড এক্সপান্ডিং ডিসট্রিবিউশন সিস্টেম ইন গুলশান সার্কেল প্রকল্পে ৪০০ কোটি টাকা, ডেসার আওতায় নতুন ১৩২/৩৩কেভি এবং ৩৩/১১ কেভি প্রকল্পে ৪৩৫ কোটি টাকা, তিন সঞ্চালন লাইন (১৩২ কেভি) প্রকল্পে ৩৩৫ কোটি টাকা এবং মেঘনাঘাট-আমিনবাজার ৪০০ কেভি সঞ্চালন প্রকল্পে ২৭৮ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। তবে শহরভিত্তিক বিদুৎ সঞ্চালন ও উন্নয়ন প্রকল্পগুলোগুলোতে এডিবি ও বিশ্বব্যাংকের অর্থায়ন রয়েছে।    

বিদ্যুৎ খাতের প্রকল্প সম্পর্কে অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেন, এ প্রকল্পগুলো বাস্তবায়িত হতে বেশ সময় লাগবে। নির্বাচনের আগে বেশির ভাগ প্রকল্পই বাস্তবায়িত হবে না।   

তিনি বলেন, বৈদেশিক অর্থায়নের প্রকল্প তৈরিতে বেশ কয়েকটি ধাপে ব্যাপক সময় খরচ হয়। ফলে এ প্রকল্পগুলো অনুমোদন হতে সময় বেশি লাগে।

বৈদেশিক সাহায্য সমর্থিত বড় প্রকল্পের জন্য প্রায় ১০ বছর সময় লাগে বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, আগের সরকার যদি প্রকল্পগুলো তৈরি করতো, তাহলে আমরা আরো আগে এগুলো অনুমোদন করতে পারতাম।

প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান খালেদা জিয়ার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ার কবীর তালুকদার।

বৃহস্পতিবার মোট অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি প্রকল্পের জন্য বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, আইডিবি ও ডিএফআইডি ১৩৪২ কোটি টাকা প্রদান করবে।

 সভায় ইন্টারনেট ইনফরমেশন নেটওর্য়াক এক্সপান্সন প্রকল্পের জন্য ২৮০ কোটি টাকা, বৃহত্তর রংপুর জেলায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পের জন্য ৭৭ কোটি টাকা এবং পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের জন্য ৯৬ কোটি টাকা অনুমোদন করা হয়।

 সভায় সড়ক খাতের সংস্কার প্রকল্পের ব্যাপারে নীতিগত সম্মতি প্রদান করা হয়।