২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের নির্লিপ্ততাই দেশের চিংড়ি ও মৎস্য শিল্প হুমকির কারণ

সরকারের নির্লিপ্ততা আর ধীরগতির কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিমায়িত চিংড়ি ও মৎস্য শিল্প হুমকির মুখে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 04:44 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

২০০৫ - ২০০৬ অর্থ বছরে এ খাতে বাংলাদেশ আয় করেছে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা। সামুদ্রিক খাদ্য শিল্প এদেশে এমন একটি দ্রুত বর্ধিষ্ণু খাত যার মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ আয়ের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেড় কোটি লোকের কর্মসংস্থানও সম্ভব হয়েছে। 

ক্ষতিকর নাইট্রোফুরান্সের উপস্থিতির কারণে হিমায়িত চিংড়ি ও মাছের চালান নিয়ে গত কয়েক বছর ধরেই আমদানীকারকরা আপত্তি জানিয়ে এলেও এসব উপাদানের উৎস ও মাত্রা পরীক্ষার যথাযথ ব্যবস্থাই এখন পর্যন্ত বাংলাদেশে নেই। 

বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশনও ২০০৫ সালের মাঝামাঝি সময় থেকে নাইট্রোফুরান্সের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে আসছিলো।

সামুদ্রিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও সেসময় একাধিকবার জানায় যে, নাইট্রোফুরান্সের উৎস ও মাত্রা পরীক্ষার কোনো ব্যবস্থা দেশে নেই। এ অবস্থায় অন্ধের মত বিদেশে চালান পাঠিয়ে ভাগ্যের উপর ভরসা করে বসে থাকা ছাড়া আর কিছু করার নেই।

বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাহমুদুল করিম বিডিনিউজকে এ প্রসঙ্গে বলেন, ‘সরকার সেসময় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেনি। আমরা বারবার বলে এসেছি, ইউরোপীয় ইউনিয়ন একারণে এদেশ থেকে সামুদ্রিক খাদ্য নেওয়া পুরোপুরি বন্ধ করে দিতে পারে। কিন্তু তবুও এ বিষাক্ত উপাদান সনাক্ত করার উপযুক্ত পরীক্ষাগার স্থাপনের পদক্ষেপ এদেশে নেওয়া হয়নি।’

থাইল্যান্ড ও ভিয়েতনামের উদাহরণ দিয়ে করিম আরো বলেন, এসব দেশের সরকার অর্থনীতি ও রপ্তানি সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয় ও কাজ করে। একারণে চোখের সামনেই তারা অতি দ্রুত এগিয়ে যাচ্ছে।

হিমায়িত খাদ্যে নাইট্রোফুরান্স এর উপস্থিতির কারণে ইউরোপীয় ইউনিয়নের উপর্যুপরি সতর্কতার কথা উল্লেখ করে সম্প্রতি সরকার চারটি প্রধান হিমায়িত খাদ্য উৎপাদক কোম্পানির রপ্তানি কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে।

খাদ্যে নাইট্রোফুরান্স এর উপস্থিতির বিরুদ্ধে বর্তমানে কঠোর আইন চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন। আক্ষরিক অর্থেই শূণ্য মাত্রার বেশি নাইট্রোফুরান্স পেলেই ওই খাদ্য মানুষের উপযোগী নয় বলে রায় দিচ্ছে ইইউ। যুক্তরাষ্ট্র এ বিষয়ে একটু ছাড় দিলেও ওই উপাদানের গ্রহণযোগ্য মাত্রার পরিমাণ অতি সামান্য, কারিগরি হিসেবে দশমিক তিন পার্টস পার বিলিয়ন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এত কম মাত্রায় নাইট্রোফুরান্স সনাক্ত করার প্রযুক্তি বা কারিগরি বিদ্যা এদেশে নেই।

সবচেয়ে উদ্বেগের বিষয় এই যে, এদেশের চিংড়ি বা সামুদ্রিক খাদ্যে এ নাইট্রোফুরান্স আসার উৎস এখনও চিহ্নিত করা যায়নি।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মীর মোহাম্মদ নাসিরউদ্দিন অবশ্য বিষয়টিকে এখনো এতো গুরুত্ব দিতে রাজি নন।

তার মতে, ইইউ এর এ সতর্কবাণী সাধারণ ও নৈমিত্তিক। তার ক্রেতা হিসেবে পণ্যের মান নির্ধারণে বিভিন্ন সময়ে নানারকম নিয়ামক তারা নির্ধারণ করে, নাইট্রোফুরান্স নিয়ে সাম্প্রতিক এ উদ্বেগও তারই একটি।

তবে বৃহস্পতিবার বিডিনিউজকে তিনি জানান, নাইট্রোফুরান্স সনাক্ত করার জন্য তিন কোটি টাকা ব্যয়ে নতুন যন্ত্র সেপ্টেম্বর মাসের মধ্যেই মৎস্য ভবনে বসানো হচ্ছে।