জুলাইয়ে গার্মেন্টস রপ্তানি ২৬ শতাংশে উন্নীত
চলতি বছরের জুলাইয়ে ওভেন ও নিটওয়্যার রপ্তানি বাড়ার ফলে রপ্তানি আয় ২৬ দশমিক ৪২ শতাংশে বেড়ে ১ হাজার ১৪৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার এ তথ্য জানিয়েছে।
তবে রপ্তানির এ পরিমাণ প্রত্যাশার চেয়ে দশমিক ৮০ শতাংশ কম।
রপ্তানি ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফল্য দেখা গেছে নিটওয়্যার খাতে। নিটওয়্যার রপ্তানি ৩১ দশমিক ১৯ শতাংশ বেড়ে রপ্তানি আয় ৪৫৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
চলতি বছরের জুলাইয়ে ওভেন গার্মেন্টস রপ্তানির মাধ্যমে আয় হয়েছে ৪৫২ মিলিয়ন ডলার। এ খাতে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৪ দশমিক ৫৭ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা জানান, চীনের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপের পর গত অক্টোবর থেকে নিটওয়্যার ও ওভেন খাতে রপ্তানীর পরিমাণ শীর্ষতা বজায় রেখেছে।
একই সময়ে হিমায়িত খাদ্য রপ্তানি হয়েছে ৩৫৮ মিলিয়ন ডলার। এ খাতে রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১৫ শতাংশ। কাঁচা পাট রপ্তানির মাধ্যমে আয় হয়েছে ৫ মিলিয়ন ডলার। এ খাতে রপ্তানি বেড়েছে ১১৩ শতাংশ। পাটজাত পণ্য রপ্তানি ৫ শতাংশ বেড়ে আয় করেছে ২৭ মিলিয়ন ডলার।
চামড়া রপ্তানি ৩৮ শতাংশ বেড়ে আয় হয়েছে ২৬ মিলিয়ন ডলার। ফুটওয়্যার রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ এবং এ খাতে আয় ৮ মিলিয়ন ডলার।
গত বছরের একই সময়ের তুলনায় এই জুলাইয়ে প্রধান প্রধান পণ্য এবং তৈরি পণ্যের রপ্তানি মূল্য সূচক ৪ শতাংশে এবং মোট রপ্তানি সূচক ২২ দশমিক ৮৪ শতাংশে উন্নীত হয়েছে।
