২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল টিভি তৈরিতে নকিয়া ও মটরোলা চুক্তি করেছে

মোবাইল ফোনের জগতে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কোম্পানি নকিয়া ও মটোরোলা পরষ্পরের সঙ্গে চুক্তি করে পুরো ব্যবসায় জগতকে বিস্মিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 03:32 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

কোম্পানি দুটি যৌথ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, মোবাইল ফোনে টেলিভিশন দেখানোর ব্যবস্থা অর্থাৎ ডিভিবি - এইচ (ডিজিটাল ভিডিও ব্রডকাস্ট - হ্যান্ডহেল্ড) হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক উন্নত করার জন্য সম্প্রতি মার্কিন এই দুই কোম্পানি চুক্তি করে।

বিশ্ববাজারে হ্যান্ডসেট বিক্রির ক্ষেত্রে নকিয়া এবং মটরোলা শতকরা ৫৬ ভাগ নিয়ন্ত্রন করে। এর মধ্যে ফিনল্যান্ডের কোম্পানি নকিয়া মোট বাজারের ৩৪ ভাগ এবং মার্কিন কোম্পানি মটরোলা ২২ ভাগ নিয়ন্ত্রন করে।

ডিভিবি - এইচ প্রযুক্তির মাধ্যমে দর্শকরা টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ক্যাবল টিভির মতই মোবাইলে দেখতে পারবে। এছাড়াও ঝকঝকে ছবি, সাশ্রয়ী ব্যাটারী খরচ এবং টেলিফোন ও ইন্টারটের ব্যাঘাত না ঘটিয়ে কম খরচে ৫০টি টিভি চ্যানেল দেখার ব্যবস্থা থাকবে।

নকিয়া কোম্পানীর মাল্টিমিডিয়া বিশেষজ্ঞ হ্যারি মানিসতো বলেন, মোবাইল টিভির সত্যিকার সফলতার জন্য আমাদের প্রয়োজন আন্তঃপরিচালনা যোগ্য ডিভাইস এবং সিস্টেম।

যৌথ ঘোষণায় তারা বলে মোবাইল সেটের মাধ্যমে টিভির বহুমুখী সার্ভিস পরিচালনার ক্ষেত্রে একত্রে কাজ করবে। চলতি বছর থেকে এশিয়া - প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে এটার পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে।

লন্ডন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান ইনফরমা জানিয়েছে, ২০১০ সাল নাগাদ পাঁচ কোটি ডিভিবি - এইচ মোবাইল সেট বিক্রি হবে।

এই দুই কোম্পানি আশা করছে এই চুক্তির মাধ্যমে তাদের উৎপাদন এবং সেবার মান বাড়বে।

তবে ডিভিবি - এইচ ডিভাইস সেবাদানকারী মার্কিন কোম্পানি কোয়ালকম এর জন্য এটা খারাপ সংবাদ। এতে তাদের মিডিয়াফ্লো সেলুলার মোবাইল ব্রডকাস্টিং বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে।