২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিঃসমুদ্রে হাইড্রোকার্বন অনুসন্ধান করবে পেট্রোবাংলা এবং থাইল্যান্ডের পিটিটিইপি

বহিঃসমুদ্রে যৌথভাবে হাইড্রোকার্বন অনুসন্ধান শুরু করার ব্যাপারে পেট্রোবাংলা এবং থাই পেট্রোলিয়াম কর্তৃপক্ষ বুধবার একটি সমঝোতা স্মারক সই করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 10:34 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সমঝোতা স্মারক সই অনুষ্ঠান পেট্রোবাংলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এতে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এবং থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রী ভিসেত চুপিবান উপস্থিত থাকবেন। চুপিবান বুধবার দুদিনের সফরে ঢাকায় আসছেন।

সমঝোতা স্মারকের আওতায় বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায়  তিনটি ব্লকে হাউড্রোকার্বনের মজুদ জানতে দু পক্ষই জরিপের কাজ করবে।

থাই সরকারের মালিকানাধীন অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি অথবা পিটিটিইপি এক প্রস্তাবে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমায় গ্যাস অনুসন্ধানের ব্যাপারে আগ্রহ দেখায়।

বাংলাদেশ তাদের এ প্রস্তাব গ্রহণ করার পর পিটিটিইপি তিনটি ব্লকে যৌথভাবে জরিপ চালানোর জন্য পেট্রোবাংলার সাথে চুক্তি সইয়ের ব্যাপারে এগিয়ে আসে।

পিটিটিইপি জরিপের সমুদয় ব্যয় বহনে রাজি হয়েছে এবং তিনটি ব্লকের মোট শেয়ারের ৩০ শতাংশ বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ভারত ও মিয়ানমারের জলসীমায় গ্যাসের প্রচুর মজুদ থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি বাংলাদেশের  জলসীমায় অনুসন্ধান চালানোর আগ্রহ দেখায়।

বহিঃসমুদ্রে হাইড্রোকার্বন অনুসন্ধানে সরকার তৃতীয় দফা দরপত্র আহ্বানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।