গ্যাসের উৎপাদন এখনও চাহিদার চেয়ে কম
গ্যাস উৎপাদন গত মাসে দেশের চাহিদাকে ছাড়িয়ে যাবে বলে জ্বালানি বিভাগ মত প্রকাশ করলেও পেট্রোবাংলা বলছে, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অভাবে গ্যাসের উৎপাদন এখনও কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি।
পেট্রোবাংলা সূত্র জানায়, দেশের মোট ১৬টি গ্যাসক্ষেত্রের মধ্যে ৬৮টি কূপের দৈনিক গ্যাস উৎপাদন ক্ষমতা ১ হাজার ৫৬৪ মিলিয়ন ঘনফুট। অথচ দেশে মোট গ্যাসের চাহিদা দৈনিক ১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট।
চলতি অর্থবছরের শেষে গ্যাসের উৎপাদন চাহিদার চেয়ে ৪৮১ মিলিয়ন ঘনফুট বেশি হবে এবং ২০১০ সাল পর্যন্ত উদ্বৃত্ত থাকবে। রাষ্ট্রায়ত্ত কোম্পানি পেট্রোবাংলার মতে ২০১২ সালের মধ্যে উদ্বৃত্তের পরিমাণ বিলীন হয়ে যাবে। কেননা ২০১০ সালের পরে উৎপাদন বৃদ্ধির ব্যাপারে নতুন কোনও পরিকল্পনা এখনও হাতে নেওয়া হয়নি বলে পেট্রোবাংলা জানিয়েছে।
এ ব্যাপারে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, সেপ্টেম্বরের মধ্যে উৎপাদন দাঁড়াবে দৈনিক ১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট। উৎপাদন বাড়ার ফলে সংকট থাকবে না।
তিনি জানান, ২০১০ সাল পর্যন্ত যেসব মূল্যায়ন কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে ২০ মিলিয়ন ঘনফুট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি, আইরিশ তাল্লো অয়েলের পরিচালনায় বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে ৩০ মিলিয়ন ঘনফুট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি। এ দুটি কূপের প্রথমটির কাজ এ বছরের ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টির কাজ ২৯ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে।
পেট্রোবাংলার উদ্ধৃতি দিয়ে উপদেষ্টা আরও জানান, শেভরনের পরিচালনায় বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ৩০০ মিলিয়ন ঘনফুট উৎপাদন ক্ষমতাসম্পন্ন উন্নয়ন কূপ খননের কাজ আগামী নভেম্বরের মধ্যে শেষ হবে।
এছাড়া ২০০৭ সালের ফেব্র“য়ারির মধ্যে নরসিংদীতে বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানির ১৫ মিলিয়ন ঘনফুট উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি মূল্যায়ন কূপের খননকাজ সম্পন্ন হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র জানায়, এ বছরের নভেম্বরের মধ্যে গ্যাসের মোট উৎপাদন ১ হাজার ৯০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে।
জ্বালানি উপদেষ্টা বলেন, আগামী বছরের জুনের মধ্যে দেশের গ্যাসের চাহিদা পূরণ করা আমাদের অন্যতম লক্ষ্য।
জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, শুধু গ্যাসের বর্ধিত উৎপাদনের মাধ্যমে গ্যাসের ঘাটতি মেটানো সম্ভব হবে না। এজন্য যথাযথ গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
তিনি জানান, এ কারণে আশুগঞ্জ থেকে মনোহরদী পর্যন্ত মোট ৩৭ কিলোমিটার গ্যাস ট্রান্সমিশন লাইন স্থাপন করা হয়েছে।
এছাড়া দেশের উত্তর - পশ্চিমাঞ্চলে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে ধানুয়া থেকে আমিনবাজার পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ আরও একটি ট্রান্সমিশন লাইন স্থাপনের কাজ চলছে। তবে ট্রান্সমিশন লাইনের কাজ যতটুকু শেষ হয়েছে ততটকু দিয়ে ধানুয়া থেকে আশুলিয়া পর্যন্ত গ্যাস সরবরাহের কাজ শুরু হয়েছে।
